অভিবাসীদের জন্য দুয়ার খুলে দেওয়ার হুমকি এরদোয়ানের
তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ দেওয়ার প্রশ্নে আলোচনা সাময়িক বন্ধ রাখার উদ্যোগে ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল শুক্রবার বলেছেন, তাঁর দেশ অভিবাসীদের জন্য ইউরোপে প্রবেশের পথ খুলে দিতে পারে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জার্মানি বলেছে, হুমকি এ বিষয়ে এগোনোর কোনো পন্থা হতে পারে না। ইইউর আইনপ্রণেতারা তুরস্ককে ইইউর সদস্য করার প্রশ্নে আলোচনা সাময়িক বন্ধ রাখার পক্ষে ভোট দিয়েছেন গত বৃহস্পতিবার।
নারীর প্রতি ন্যায়বিচার নিয়ে ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে যোগ দেওয়া এরদোয়ান ইইউকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আরও অগ্রসর হলে ফটকগুলো খুলে দেওয়া হবে। এসব শুকনো হুমকিতে আমার বা এ দেশের জনগণের কোনো ক্ষতি হবে না। যদি সবাই (ইইউ পার্লামেন্টের আইনপ্রণেতা) মিলেও ওই ভোটের ফলাফল অনুমোদন করেন, তাতেও কিছু যায়-আসে না।’
ইউরোপে অভিবাসী ও শরণার্থীদের ঢল ঠেকাতে তুরস্ক ও ইইউ গত ১৮ মার্চ একটি চুক্তি সম্পাদন করে। ইজিয়ান সাগর হয়ে তুরস্ক ও গ্রিসের পথে অভিবাসীদের স্রোত ঠেকাতে ওই চুক্তি অনেকটাই সফল হয়েছে। ইইউর সদস্যপদ পাওয়ার জন্য বহু বছর ধরে চেষ্টারত তুরস্ক ওই জোটের শর্তগুলো মেনে নিয়ে সীমান্ত ও সমুদ্রপথে অভিবাসীদের ঠেকাতে কড়াকড়ি আরোপ করেছে।
তুরস্কে সাম্প্রতিক ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর সরকারের ব্যাপক দমন অভিযানের পরিপ্রেক্ষিতে দেশটিকে ইইউতে অন্তর্ভুক্ত করার প্রশ্নে ব্রাসেলস আগের চেয়ে সতর্ক অবস্থান নিয়েছে। এমন প্রেক্ষাপটেই আঙ্কারার সঙ্গে আলোচনা স্থগিত রাখার পক্ষে ভোট দেন ইইউ জোটের আইনপ্রণেতারা।