অভিবাসীদের ঢলে ভীত পুরো ইউরোপ: হাঙ্গেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে অন্তত এক লাখ অভিবাসী নেওয়ার আহ্বান জানিয়েছেন জোটটির প্রধান ডোনাল্ড টাস্ক
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে অন্তত এক লাখ অভিবাসী নেওয়ার আহ্বান জানিয়েছেন জোটটির প্রধান ডোনাল্ড টাস্ক

অভিবাসীবিরোধী হিসেবে পরিচিত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিকটর অরবান গতকাল বৃহস্পতিবার বলেছেন, পুরো ইউরোপ অভিবাসীদের স্রোতে ভীত। ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। ইউরোপের উন্নত দেশগুলো অভিমুখে অভিবাসীদের যে ঢল চলছে, হাঙ্গেরি তার অন্যতম প্রবেশদ্বার। খবর এএফপি ও বিবিসির।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিকটর অরবান ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার জন্য গতকালই ব্রাসেলসে যান। পরে ইইউর প্রধান ডোনাল্ড টাস্কের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। ডোনাল্ড টাস্ক ইইউভুক্ত দেশগুলোকে অন্তত এক লাখ অভিবাসী নেওয়ার আহ্বান জানান।
ইইউর কোন দেশ কী পরিমাণ অভিবাসী গ্রহণ করবে, তা নিয়ে জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিকটর অরবান সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা হাঙ্গেরীয়রা ভীত, পুরো ইউরোপের মানুষ ভীত, কারণ তারা দেখছে ইউরোপীয় নেতারা এ সংকট সামলাতে সক্ষম নন। ...আর এটা জার্মানির সমস্যা, কারণ এরা সবাই সেখানেই যেতে চাইছে।’
ডানপন্থী ভিক্টর অরবান আরও বলেন, অভিবাসীরা মূলত মুসলিম বলে তাদের কারণে ইউরোপের খ্রিষ্টান ঐতিহ্যও ঝুঁকির মুখে।
হাঙ্গেরি অভিবাসীদের জন্য দুই দিন বন্ধ রাখার পর রাজধানী বুদাপেস্টের প্রধান রেলস্টেশন গতকাল খুলে দেয়। এরপর অভিবাসীসহ কয়েক শ যাত্রী নিয়ে একটি ট্রেন অস্ট্রিয়া সীমান্তের দিকে রওনা দেয়। তবে পুলিশ ট্রেনটি বুদাপেস্টের ৪০ কিলোমিটার পশ্চিমে থামিয়ে দিয়ে অভিবাসীদের একটি আশ্রয়শিবিরে নেওয়ার চেষ্টা করে। এর আগে গতকাল সকালে রেলস্টেশনের ফটক খুলে দেওয়া হলে পশ্চিমমুখী ট্রেনে চড়ার জন্য শুরু হয় শত শত লোকের প্রাণান্তকর চেষ্টা।
এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ও গণমাধ্যমে নৌকাডুবিতে প্রাণ হারানো একটি সিরীয় শিশুর মৃতদেহের ছবি ছড়িয়ে পড়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই ইউরোপীয় নেতাদের প্রতি অভিবাসীদের সংকটে জরুরি ভিত্তিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তুরস্কের সৈকতে পড়ে থাকা তিন বছর বয়সী প্রাণহীন শিশুটির ছবির কারণে অভিবাসীদের গ্রহণ করার জন্য যুক্তরাজ্যের ওপর চাপ বেড়েছে। ছবিটি প্রচারিত হওয়ার কিছু সময় আগেই দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ‘যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য থেকে আর অভিবাসী নেওয়া উচিত নয়। সিরিয়ার প্রকৃত শরণার্থীদের আমরা আশ্রয় দিয়েছি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনাই বেশি প্রয়োজন।’