অভিবাসীদের প্রতি বিদ্বেষ, এক জার্মানের দণ্ড
জার্মানিতে আসা শরণার্থী ও বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিদ্বেষ ছড়ানোর দায়ে বার্লিনের একটি আদালত এক ব্যক্তিকে জরিমানা করেছেন। বার্লিনের জেলা আদালত গত শুক্রবার ৩৪ বছর বয়সী ওই ব্যক্তিকে ৪ হাজার ৮০০ ইউরো জরিমানা এবং অনাদায়ে চার মাস জেলহাজতে থাকার আদেশ দেন। সাইবার ক্রাইম অ্যাক্টে এই দণ্ড দেওয়া হয়।
বার্লিনের পুলিশ বাদী হয়ে আদালতে ওই ব্যক্তির বিরুদ্ধে আবেদন জানিয়েছিল। আবেদনে বলা হয়, ওই যুবক গত বছরের ডিসেম্বরে অব্যাহতভাবে তাঁর ফেসবুক পাতায় অভিবাসী-বিদ্বেষী ও জার্মানিতে আগত শরণার্থীদের প্রতি নানারকম বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেন। এসব অভিবাসী ও শরণার্থীর জন্য আবারও গ্যাস চেম্বারের প্রয়োজন বলে উল্লেখ করেন ওই যুবক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নাৎসি বাহিনী জার্মানি এবং দখলকৃত প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন বন্দীশিবিরে কয়েক লাখ যুদ্ধবন্দীকে বিশাল হল-সদৃশ গ্যাস চেম্বারে বিষাক্ত গ্যাস ছেড়ে নৃশংসভাবে হত্যা করে।
বার্লিন পুলিশের মুখপাত্র ইয়েনস বের্গার বলেন, আমরা খুব সতর্কতার সঙ্গে তদন্ত করে ভুয়া পরিচয় ব্যবহার করা এই বিদ্বেষ ছড়ানো ব্যক্তিকে শনাক্ত করতে সমর্থ হয়েছি। তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করা হয়েছে।
জার্মান সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, জার্মানিতে কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অভিবাসী-বিদ্বেষী প্রচার বেড়েই চলছে। শুধু সাক্সেন রাজ্যেই পুলিশ চলতি বছর এ ধরনের ১৬৯টি বিদ্বেষমূলক প্রচারের ঘটনা লিপিবদ্ধ করে।
জার্মানিসহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে মতামত প্রকাশের স্বাধীনতা থাকলেও কোনো বিশেষ জাতি, গোষ্ঠী বা বর্ণের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ তা লঙ্ঘন করলে ফৌজদারি আইনে বিচারের বিধান রয়েছে।
এদিকে গত শুক্রবার জার্মানির ড্রেসডেন শহরের কাছের হাইডেনাউতে ২৫০ জন সিরীয় শরণার্থীকে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ হয়েছে। হাজার খানেক বিক্ষোভকারী রাস্তায় দাঁড়িয়ে শরণার্থীদের আগমনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।