তুরস্ক উপকূলে নৌকাডুবি, ২৫ অভিবাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক উপকূলে গতকাল রোববার নৌকাডুবিতে কমপক্ষে ২৫ অভিবাসী-শরণার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে শিশু আছে ১০টি। ব্রাসেলসে আজ সোমবার শুরু হওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে ‘বিপুল সংখ্যায়’ অভিবাসী-শরণার্থীকে গ্রিস থেকে ফিরিয়ে নিতে তুরস্কের ওপর চাপ দেওয়া হবে। ওই সম্মেলন শুরুর এক দিন আগে গতকাল নৌকাডুবিতে ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটল। খবর এএফপির।

তুরস্কের উপকূলরক্ষী বাহিনী জানায়, ইজিয়ান সাগরে গতকাল অভিবাসী-শরণার্থীদের একটি কাঠের নৌকা ডুবে যায়। এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়। উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। নৌকাটি তুরস্ক থেকে গ্রিসের দিকে যাচ্ছিল।

গতকালের এই মর্মান্তিক ঘটনার আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, এই বছরে এরই মধ্যে অন্তত ৪১৮ জন অভিবাসী-শরণার্থী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এদের বড় অংশ নৌকায় করে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিল।

এদিকে ব্রাসেলসে আজ শুরু হওয়া ইইউর সম্মেলনে ‘বিপুল সংখ্যায়’ অভিবাসী-শরণার্থীকে গ্রিস থেকে ফিরিয়ে নিতে তুরস্কের ওপর চাপ দেওয়া হবে। ইইউর বর্তমান প্রেসিডেন্ট নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে আশা প্রকাশ করেছেন, অভিবাসী-শরণার্থীদের গ্রহণ করতে তুরস্ক রাজি হবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ইতিমধ্যে বলেছেন, ব্রাসেলস বৈঠকের সফলতা নির্ভর করছে তুরস্ক শরণার্থীদের ফিরিয়ে নিতে কতটুকু সহযোগিতা করবে, তার ওপর।

এই বসন্তে নতুন করে শুরু হওয়া ইউরোপমুখী শরণার্থীর ঢল আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এমন প্রেক্ষাপটেই আজকের শরণার্থী-বিষয়ক গুরুত্বপূর্ণ সম্মেলনে বসছেন ইইউর ২৮ দেশের নেতারা। এখন প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার নতুন অভিবাসী-শরণার্থী গ্রিসে ঢুকছে। এদের একটা বড় অংশ তুরস্ক হয়ে নৌকায় করে সাগরপথে আসছে।