অভিবাসীদের ফেরত পাঠানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার উপকূলে ভূমধ্যসগারে নৌযান ডুবে নিহত ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল সম্পন্ন হয়েছে মাল্টার মাতের দেই হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান দেশটিতে বসবাসরত অভিবাসীরা l ছবি: এএফপি
লিবিয়ার উপকূলে ভূমধ্যসগারে নৌযান ডুবে নিহত ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল সম্পন্ন হয়েছে মাল্টার মাতের দেই হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান দেশটিতে বসবাসরত অভিবাসীরা l ছবি: এএফপি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জড়ো হয়েছেন। তাঁরা সমুদ্রপথে ইউরোপে আসতে গিয়ে অভিবাসীদের মৃত্যু রুখতে লিবিয়াভিত্তিক আদম পাচারকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর চিন্তাভাবনা করছেন।
এ ছাড়া অভিবাসীদের পুনর্বাসনে ইউরোপজুড়ে পাঁচ হাজার স্থান নির্ধারণ করা হবে। গত বছর যাঁরা অবৈধভাবে ইউরোপে গেছেন, তাঁদের মধ্যে মাত্র পাঁচ হাজার অভিবাসীকে থাকতে দেওয়া হবে। আর প্রায় দেড় লাখ অভিবাসীকে ফেরত পাঠানো হবে। বৈঠকের জন্য প্রস্তুত করা খসড়া প্রস্তাব থেকে এসব তথ্য জানা গেছে। খবর এএফপি, গার্ডিয়ান ও বিবিসির।
ইইউ নেতাদের গতকালের সম্মেলনের জন্য প্রস্তুত করা খসড়া বিবৃতিটি বৈঠকের আগেই গণমাধ্যমের হাতে এসেছে। এতে নেতারা সম্ভাব্য ‘পাচারের কাজে ব্যবহৃত জাহাজগুলো পাচারকারীদের দ্বারা ব্যবহৃত হওয়ার আগেই শনাক্ত, আটক ও ধ্বংস করতে নিয়মতান্ত্রিক প্রচেষ্টা’ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে এ জন্য সম্ভাব্য একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি-সংশ্লিষ্ট একটি অভিযান অবিলম্বে শুরুর প্রস্তুতি নিতে’ ইইউর শীর্ষ কূটনীতিক ফেডারিকা মোঘারিনির প্রতি আহ্বানও জানানো হয়েছে ওই খসড়া বিবৃতিতে।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিবৃতিতে অনুমোদন করার প্রস্তুতি নিচ্ছে ইইউর সদস্যরা। এর অর্থ, ইউরোপের ২৮টি দেশের এই জোট পাচারকারীদের বিরুদ্ধে অধিকতর চূড়ান্ত ব্যবস্থা নেওয়ারই পক্ষে। এসব পাচারকারী আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশের দারিদ্র্য ও যুদ্ধপীড়িত দেশগুলো থেকে পালিয়ে আসা লোকজনকে জরাজীর্ণ নৌকায় করে ঠাসাঠাসি করে বসিয়ে ইউরোপে পাঠিয়ে ফায়দা লুটছে।
অবশ্য ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি লিবিয়াভিত্তিক পাচারকারীদের বিরুদ্ধে ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হস্তক্ষেপ’ করার আহ্বান জানিয়েছেন। এর অর্থ, সেখানে একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালানো হবে না। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী রেনজির প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে না নিলে বোঝা যাবে যে আপনি এ সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন না। আপনাকে আইনগত ও অভিযান-সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।’
প্রস্তাবটি অনুমোদিত হলে এই প্রথম ইইউভুক্ত দেশগুলোর সরকার অবৈধ অভিবাসী রুখতে সামরিক শক্তি প্রয়োগের পথ বেছে নেবে। অবশ্য, এটা যে স্থলযুদ্ধের তোড়জোড় নয়, সেটাই স্পষ্ট করে দিল একটি কূটনৈতিক সূত্র।
অভিবাসীদের রাখা না-রাখার বিষয়ে খসড়া প্রস্তাবটিতে বলা হয়েছে, ইউরোপজুড়ে পাঁচ হাজার পুনর্বাসন কেন্দ্র খোলা হবে। দীর্ঘ সমুদ্রপথ মাড়িয়ে গত বছর ইতালিতে পৌঁছানো দেড় লাখ ব্যক্তিকে ফেরত পাঠানো হবে।
ইইউর পদক্ষেপ ‘প্রতিহত’ করবে ত্রিপোলিভিত্তিক গ্রুপ: লিবিয়ার উপকূলবর্তী রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণকারী সরকার বলেছে, আদম পাচারকারীদের বিরুদ্ধে ইইউ একতরফা কোনো ব্যবস্থা নিলে তা ‘প্রতিহত’ করবে তারা। অভিবাসী-সংকট মোকাবিলার পরিকল্পনা নিয়ে আলোচনা করারও প্রস্তাব দিয়েছে তারা।
ত্রিপোলিভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-ঘিরানি ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র মাল্টার পত্রিকা টাইমস অব মাল্টাকে বলেন, লিবিয়ার উপকূল হয়ে ইউরোপের দিকে অভিবাসীদের গমনের বিষয়টি মোকাবিলা করতে তাঁরা বারবার সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। তবে তা অগ্রাহ্য করে আসা হচ্ছে।