অভিবাসীদের ভাগ করে নিতে রাজি ইউরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালি ও গ্রিস উপকূলে আশ্রিত ৪০ হাজার অভিবাসীকে ইউরোপের অন্যান্য দেশে সরিয়ে নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আলোচনার পর মতৈক্যে পৌঁছান। ফলে ইইউভুক্ত দেশগুলো ওই অভিবাসীদের দায়দায়িত্ব ভাগ করে নেবে। খবর বিবিসি, এপি ও আল-জাজিরার।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চলমান ইইউ সম্মেলনের সভাপতি ডোনাল্ড টাস্ক গতকাল শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, ৪০ হাজার অভিবাসীকে ইতালি ও গ্রিস থেকে আগামী দুই বছরের মধ্যে ইইউর অন্য দেশগুলোতে স্থানান্তর করা হবে। এ জন্য প্রতিটি দেশকে কোনো বাধ্যতামূলক কোটা মানতে হবে না। সংশ্লিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীরা আগামী মাসের মধ্যেই এ প্রকল্প চূড়ান্ত করবেন। এতে হাঙ্গেরিকে সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত হবে। দেশটি চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউরোপে আশ্রয়প্রার্থীদের এক-তৃতীয়াংশ মানুষকে জায়গা দিয়েছে।
ইইউর বাইরে অবস্থানরত আরও ২০ হাজার শরণার্থীকে পুনর্বাসনের ব্যাপারেও ইউরোপীয় নেতারা রাজি হয়েছেন। মূলত সিরিয়া ও ইরাক থেকে পালিয়ে আসা এসব শরণার্থী বর্তমানে ইউরোপের বাইরে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তবে ওই শরণার্থীদের গন্তব্য কোথায় হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আল-জাজিরার খবরে বলা হয়, ইইউর আলোচনায় অভিবাসী ভাগাভাগির বিষয়টি নিয়ে মতৈক্য হলেও তা সমস্যার ব্যাপ্তির তুলনায় অনেক কম। কারণ, প্রতিটি দেশ মাত্র ১ হাজার ৪২৮ জন করে অভিবাসীকে আশ্রয় দিতে রাজি হয়েছে। একই সঙ্গে ভূমধ্যসাগর উপকূল এলাকায় পুলিশি টহল আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তা ছাড়া ওই পরিকল্পনা অনুযায়ী যেসব অভিবাসীর নিরাপত্তার প্রয়োজন নেই বলে মনে হবে, তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে, যাতে অন্যরা এ ধরনের বিপজ্জনক সমুদ্রযাত্রায় নিরুৎসাহিত হয়।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী চলতি বছর ৬৩ হাজার অভিবাসী সাগরপথে গ্রিসে গেছে। আর ইতালিতে গেছে ৬২ হাজার। ঝুঁকিপূর্ণ নৌকায় চড়ে সাগর পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনায় এ বছর প্রায় ২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়। অবৈধ অভিবাসী সমস্যা নিয়ে ইইউর দেশগুলোর সম্পর্কে উত্তেজনা দেখা দিলে বিষয়টি সমাধানের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। ওই অভিবাসীরা মূলত সিরিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সুদানসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় উপকূলে পৌঁছায়।
যুক্তরাজ্য ওই অভিবাসীদের ভাগাভাগির পরিকল্পনায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ইইউভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলো অভিবাসীদের আশ্রয় দেওয়ার প্রশ্নে কোটাপদ্ধতি মেনে নিতে রাজি হয়নি। হাঙ্গেরি ইতিমধ্যেই ইইউর একটি গুরুত্বপূর্ণ অভিবাসী আইন স্থগিত করেছে। ওই আইন অনুযায়ী শরণার্থীরা প্রথমে ইইউর যে দেশে পা রাখবে, সেই দেশকেই তাদের আশ্রয় দিতে হবে। হাঙ্গেরি ও বুলগেরিয়ার মতো তুলনামূলক কম বিত্তশালী দেশগুলো অবৈধ অভিবাসীদের বাড়তি চাপ নিতে রাজি নয়। তাই একাধিক দেশের আপত্তির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে, ইইউর দেশগুলোর আগ্রহের ভিত্তিতেই গ্রিস ও ইতালি থেকে অভিবাসীদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে ক্ষুব্ধ হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী রেনজি। তিনি এই পরিকল্পনাকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়েছেন। কোটাপদ্ধতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, ইইউর দেশগুলো অভিবাসীদের দায় সমানভাবে ভাগ করে নিতে চাইছে না।
যুক্তরাজ্য, হাঙ্গেরি, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড আগে থেকেই অভিবাসী স্থানান্তরের জন্য প্রস্তাবিত কোটাপদ্ধতির বিরোধিতা করছে।