অভিবাসীরা যে কারণে জার্মানমুখী
ইউরোপে শরণার্থীদের অব্যাহত ঢলের মুখে যখন নানা দেশ তাদের সীমান্ত বন্ধ করতে চাইছে বা কম সংখ্যায় গ্রহণের জন্য অজুহাত খুঁজছে, তখন জার্মান সরকার নিয়েছে এক উদার নীতি। তাদের অবস্থান বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। অনুমান করা হচ্ছে, আগামী ডিসেম্বর নাগাদ জার্মানিতে আট লাখ অভিবাসী প্রবেশ করবে।
জার্মান সরকার দেশটির ১৬টি প্রদেশে শরণার্থীদের পুনর্বাসনের জন্য দ্রুত নানা রকম পদক্ষেপ নিয়েছে। তাদের সাময়িকভাবে অবস্থানের জন্য বিভিন্ন অব্যবহৃত স্কুল ও বড় বড় স্থাপনা খুলে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক আশ্রয়প্রার্থী হয়েছে নিবন্ধিত হওয়ার পর প্রত্যেক আশ্রয়প্রার্থীকে আশ্রয় চাওয়ার কারণ সম্পর্কে কর্তৃপক্ষকে বিশ্বাসযোগ্যভাবে ওয়াকিবহাল করতে হবে। এরপর আশ্রয়প্রার্থীদের বাসস্থানের ব্যবস্থা করা হবে। তবে বলকান রাষ্ট্রগুলো যেমন কসোভো, সার্বিয়া, মন্টেনেগ্রোর বা আলবেনিয়া ইত্যাদি ইউরোপীয় দেশ থেকে আসা বিপুলসংখ্যক অভিবাসীর সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হলেও অচিরেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জার্মানির অভিবাসী ও শরণার্থী-বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।
জার্মান সরকারের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও আন্তসাংস্কৃতিক সংগঠন সেবার মনোভাব নিয়ে অভিবাসীদের খাদ্য-পানীয়সহ নিত্যপ্রয়োজনীয় ব্যবহারিক জিনিসপত্র দেওয়া ছাড়াও জার্মান ভাষা শিক্ষাদানসহ নানাভাবে সাহায্য করছেন। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই মুহূর্তে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের বেশি সুযোগ-সুবিধা থাকার কারণেই মূলত অভিবাসীরা এ দেশে প্রবেশের জন্য প্রাণান্ত চেষ্টা করছেন।
জার্মানিতে অন্য অনেক ইইউ দেশের তুলনায় অনেক বেশিসংখ্যক অভিবাসী প্রবেশ করবে বলে অভিবাসীদের পুনর্বাসনের জন্য নির্ধারিত এলাকায় কিছু বিক্ষোভ হয়েছে। তবে তা মাত্রা ছাড়িয়ে যায়নি। বিক্ষোভ হওয়া স্থানগুলোর মধ্যে আছে সাবেক পূর্ব জার্মানির ড্রেসডেনসহ কয়েকটি অঞ্চল। জার্মানির রাজনীতিকেরা মনে করেন, জনগণকে জরুরি ভিত্তিতে এটা বোঝানো প্রয়োজন যে শুধু প্রশাসনিক নয়, মানবিক কারণেও শরণার্থীদের প্রতি সদয় হতে হবে।
জার্মানির অভিবাসন ও শরণার্থী-বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান ম্যানফ্রেড স্মিড বলেছেন, নৌযানে করে সত্তরের দশকে ভিয়েতনাম থেকে আসা ৩০ হাজার ও নব্বইয়ের দশকে আলবেনিয়া থেকে আসা ১০ হাজার শরণার্থী নেওয়ার অভিজ্ঞতা জার্মানির আছে। তিনি শরণার্থীদের নেওয়ার ব্যাপারে সবাইকে মানবিক বিষয়টি বিবেচনার করার অনুরোধ করেছেন।