অভ্যুত্থানচেষ্টার পেছনে পশ্চিমারা: এরদোয়ান

তুরস্কে গত মাসের ব্যর্থ অভ্যুত্থানের হোতাদের পশ্চিমা দেশগুলো সমর্থন দিয়েছে বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে ‘অভ্যুত্থানের মূল মদদদাতা’ ফেতুল্লা গুলেনকে ফেরত দেওয়ার জন্য আবারও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ভবনে দেওয়া এক ভাষণে গতকাল বুধবার এ অভিযোগ করেন তিনি।
গত ১৫ জুলাই তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে একটি সেনা-অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরদোয়ান বলেন, ওই দিনের অভ্যুত্থানচেষ্টার ‘প্রেক্ষাপট দেশের বাইরে লিখিত’।
সেনা-অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সর্বত্র ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন এরদোয়ান। এ পর্যন্ত বিভিন্ন বাহিনীর ১৮ হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে হাজার হাজার সদস্যকে। এরদোয়ানের কথিত এই শুদ্ধি অভিযানের বিষয়ে সোচ্চার হয় পশ্চিমা দেশগুলো। আর তাতে ক্ষুব্ধ এরদোয়ান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমারা সন্ত্রাসী ও অভ্যুত্থানের হোতাদের পক্ষাবলম্বন করছে। এদের আমরা বন্ধু মনে করেছিলাম।’
জার্মানির কোলনে একটি সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণের অনুমতি না দেওয়ায় তিনি দেশটির বিচার বিভাগের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে এর আগে এমন অনুমতি দেওয়া হয়েছিল। গত অভ্যুত্থানচেষ্টা নিয়ে তিনি বলেন, ‘এটা দেশের মধ্যে পরিকল্পিত কোনো ঘটনা নয়। এর পেছনের হোতারা বাইরে থেকে এর প্রেক্ষাপট রচনা করেছেন।’
মেক্সিকোর টেলিভিশন চ্যানেল টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেতুল্লা গুলেনকে ফেরত না দেওয়ায় যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, ‘এটা কেমন করে হয়? আমরা দুটি কৌশলগত সহযোগী রাষ্ট্র। তাকে আপনারা লুকিয়ে রেখে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন কেন?’