অমিক্রন: মানবদেহের রোগ প্রতিরোধক্ষমতা নিয়ে বিজ্ঞানীরা যা বলছেন

করোনার অমিক্রন ধরনপ্রতীকী ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার অমিক্রন ধরন ছড়িয়ে পড়ার আগেই দুটি করোনার ঢেউ মোকাবিলা করেছে বিশ্ব। আর এগুলো মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থা নিয়ে বেশ কয়েকটি বিষয় সামনে এনেছে। পূর্ববর্তী সংক্রমণের কথা মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থার স্মৃতিতে থাকলেও সার্স কভ-২–এর ক্ষেত্রে এ স্মৃতি বেশি দিন থাকে না। সম্প্রতি নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় করোনার সংক্রমণ পরবর্তী মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। কোভিড-১৯ ও এর ধরনগুলোর বিরুদ্ধে রোগ প্রতিরোধক্ষমতা কীভাবে কাজ করে, তা নিরূপণের চেষ্টা করা হয়েছে।

নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী-
১.
প্রথম ভূমিকাটি পালন করে ‘বি’ কোষ। জীবাণু আক্রমণ করলে এগুলো সক্রিয় হয়ে ওঠে। মানবদেহে অ্যান্টিবডি তৈরির পর ‘বি’ কোষগুলো মরে যায়।
২.
মানবদেহে ভাইরাসের বিরুদ্ধে যে রোগ প্রতিরোধক্ষমতা অর্জিত হয়, তা কয়েক মাসের মধ্যে কমতে শুরু করে। বিজ্ঞানীদের জন্য এটি অপরিচিত কোনো ঘটনা নয়। কারণ, রোগ প্রতিরোধক্ষমতা নিঃশেষ হবেই।

৩.
জীবনকাল বিবেচনায় দুই ধরনের ‘বি’ কোষ রয়েছে। এর একটি অল্প সময় বাঁচে, অন্যটির জীবনকাল দীর্ঘ। স্বল্পমেয়াদি ‘বি’ কোষগুলো মরে যাওয়ার পর দীর্ঘমেয়াদি ‘বি’ কোষগুলো স্মৃতিশক্তি সম্পন্ন ‘বি’ কোষে পরিণত হয়। এগুলো তখন খুব দ্রুত বিভাজিত হতে পারে এবং ভাইরাসের সংস্পর্শে এলে তা প্লাজমা কোষে পরিণত হতে পারে। এ কোষগুলো বাকি জীবন আমাদের শরীরে থেকে যায়।
৪.
সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসম্পন্ন ‘বি’ কোষগুলোর কার্যকারিতার উন্নতি হয়। এক গবেষণায় দেখা গেছে, টিকা নেওয়ার ছয় মাস পর মানুষের শরীরে স্মৃতিসম্পন্ন ‘বি’ কোষের সংখ্যা বেড়েছে এবং এগুলো নতুন ধরনের বিরুদ্ধেও কাজ করছে।

ছবি: রয়টার্স


৫.
স্মৃতিশক্তিসম্পন্ন রোগ প্রতিরোধক্ষমতার আরেকটি স্তম্ভ হলো ‘টি’ কোষ। এগুলো ভাইরাসকে মেরে ফেলে এবং ভাইরাসের আক্রমণের বিরুদ্ধে সক্রিয় হওয়ার জন্য রোগ প্রতিরোধব্যবস্থার অন্যান্য অংশে সংকেতও পাঠায়। এরপর কিছু ‘টি’ কোষ স্মৃতিসম্পন্ন ‘টি’ কোষে পরিণত হয়।

৬.
সাধারণ ঠান্ডার মতো কিছু পূর্ববর্তী করোনার সংক্রমণ থেকে কিছুসংখ্যক মানুষের শরীরে স্মৃতি ‘টি’ কোষ তৈরি। আর তা সার্স-কভ-২ ভাইরাসকেও চিহ্নিত করতে পারে।
৭.
চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাকৃতিক রোগ প্রতিরোধক্ষমতা যেভাবে সংক্রমণ ঠেকায়, তেমন করে স্মৃতি কোষ সংক্রমণ ঠেকাতে পারে না। তবে তাদের জন্য এমনটা করা জরুরিও নয়।
৮.
কোভিড-১৯ সংক্রমণের পর স্মৃতি কোষগুলো নিজেদের প্রস্তুত করার জন্য কিছুটা সময় পায়। কারণ, সংক্রমণের পরপরই গুরুতর অসুস্থতার ঘটনা দেখা যায় না। এ সময়ের মধ্যে স্মৃতি ‘টি’ কোষগুলো তাদের কাজ চালিয়ে যেতে থাকে।
৯.
বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, যেসব মানুষকে টিকা দেওয়া হয়েছে কিংবা সার্স কভ-২ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরের ‘টি’ কোষগুলো ডেলটা ধরনের মতো অমিক্রনের বিরুদ্ধেও একই কার্যকারিতা দেখাচ্ছে। ভাইরাসের প্রচুর রূপান্তরের পরও এমনটা ঘটছে।