ক্রিমিয়ায় একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন রাশিয়ার একজোড়া তরুণ-তরুণী। ঘটনাচক্রে সেখানেই ভাঙন ধরে তাঁদের দুই বছরের পুরোনো সম্পর্কে। বাড়ি ফিরে নিনা জুরস্কায়া নামের তরুণীটি দেখলেন, তাঁর জন্য অপেক্ষা করছে বিস্ময়—আদালতের সমন। সদ্য সাবেক প্রেমিক প্রায় ৬০০ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ফেরত চেয়ে মামলা ঠুকেছেন, যা তাঁদের ওই ভ্রমণে খরচ হয়েছিল।
ভগ্নহৃদয় তরুণটি একজন আইনজীবী। অবশ্য তাঁর নাম প্রকাশ করেনি রুশ গণমাধ্যম। সম্পর্ক ভেঙে গেছে বলে পাওনা আদায়ের দাবি ছাড়তে তিনি নারাজ। দুই বছরের সম্পর্ক এবং সাম্প্রতিক প্রমোদভ্রমণ বাবদ যা কিছু খরচ হয়েছে, তার আংশিক ফেরত পেতে নিনার বিরুদ্ধে দুটি মামলা করেছেন। অর্থ ফেরত চেয়ে একটি এবং ছুটি কাটানোর ক্ষতিপূরণ চেয়ে আরেকটি।
এ বিষয়ে নিনা বলেন, প্রথমদিকে তাঁদের সম্পর্ক ভালোই যাচ্ছিল। পরস্পরের দেখা-সাক্ষাৎ এবং উপহার বিনিময় ছিল নিয়মিত। তিনি আশা করেছিলেন, ক্রিমিয়ায় অবকাশযাপনে গিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেবেন ওই প্রেমিক। কিন্তু সেটা হয়নি বলেই সম্পর্কের ইতি টানেন নিনা।
সাবেক প্রেমিক-যুগল মামলা লড়ছেন ২০১৫ সালের অক্টোবর থেকে। দুটি মামলাই খারিজ হয়ে গেছে। তবে এখন অন্য আদালতে আপিল করতে যাচ্ছেন ওই আইনজীবী-প্রেমিক। তিনি দাবি করছেন, তাঁদের মধ্যে মোটেও প্রেমের সম্পর্ক ছিল না। এ কারণেই নিনাকে ভ্রমণ খরচের নিজ অংশ পরিশোধ করতে হবে। তাঁর কাছে ওই খরচাপাতির রসিদ আছে।
নিনা অবশ্য ওই অভিযোগের বিরুদ্ধে নিজেদের যুগল ছবি ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য আদালতে পেশ করেছেন। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেল ওই সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেছে। এ সময় তিনি বলেন, নিনা এবং তাঁর মধ্যে পেশাগত সম্পর্ক ছিল। তাই ওই ভ্রমণ কোনো উপহার বা প্রমোদভ্রমণ ছিল না।
ওই ব্যক্তির বক্তব্য শুনে টেলিভিশন উপস্থাপক মন্তব্য করেন, ‘পুরুষেরা ইদানীং বড্ড নিচে নেমে যাচ্ছে।’
এ প্রসঙ্গে রাশিয়ার আইনজীবী আলেক্সান্দর ইয়েভদকিমভ বলেন, ভ্রমণ খরচের রসিদে ওই তরুণীর স্বাক্ষর না থাকলে লোকটির পক্ষে মামলা জেতার সম্ভাবনা খুবই কম।