অর্থনীতিতে নোবেল পেলেন ফ্রান্সের জঁ তিহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঁ তিহল
জঁ তিহল

এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ফরাসি অর্থনীতিবিদ জঁ তিহল। গতকাল সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় দুপুরে এ পুরস্কার বিজয়ী হিসেবে তিহলের নাম ঘোষণা করা হয়। বাজারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বিষয়ে গবেষণার জন্য তাঁকে দেওয়া হলো এই সম্মানজনক পুরস্কার। খবর বিবিসি ও দ্য টেলিগ্রাফের। 
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জঁ তিহল বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি। এই পুরস্কার আমাকে আরও কাজে উদ্বুদ্ধ করবে।’
তিহলের জন্ম ১৯৫৩ সালে, ফ্রান্সের থোয়ায়। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউ অব টেকনোলজি (এমআইটি) থেকে ১৯৮১ সালে পিএইচডি সম্পন্ন করেন।
নোবেল কমিটি জানিয়েছে, নানা বিষয়ে কাজ করলেও বাজারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে তিহলের কাজ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কাজ মূলত অলিগোপলি বা যে বাজারে কয়েকজন মাত্র উৎপাদক বা বিক্রেতা, এর বিভিন্ন দিক নিয়ে। দেখা গেছে, নিয়ন্ত্রণহীন এই বাজার ঠিকমতো কাজ করে না। সামাজিকভাবেও এই বাজারে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।
জঁ তিহল বাজারের এই সমস্যাগুলো নিয়ে কাজ করছেন ১৯৮০-এর দশক থেকে। দুটি প্রশ্নের উত্তর খুঁজেছেন তিনি। এক. এই ধরনের বাজারে বিভিন্ন সংস্থার মিশে যাওয়া বা অধিগ্রহণ এবং তাদের অলিখিত পারস্পরিক বোঝাপড়াকে সরকার কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে। দুই. যে বাজারে উৎপাদক বা বিক্রেতা মাত্র একজন (মনোপলি), সেটা সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে।
প্রচলিত ধারণা ছিল, দাম নিয়ন্ত্রণ করে, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী সংস্থার মধ্যে বোঝাপড়া বন্ধ করে এবং উৎপাদনের বিভিন্ন স্তরে থাকা সংস্থাগুলোর মধ্যে বোঝাপড়া গড়ে তোলাই কাঙ্ক্ষিত পথ। তিহল দেখান, প্রচলিত সব পথ জর্জরিত। তিনি দেখান, এমন কোনো নীতি নেই, যা সব শিল্পের ওপর প্রয়োগ করা যায়। আলাদা নীতি নিতে হবে প্রতিটি শিল্পের জন্য। কিন্তু সেই নীতির মূল কাঠামো কী হবে, বেশ কিছু গ্রন্থে তিহল সেসব ব্যাখ্যা করেছেন। এই নীতি ব্যবহার করে সরকারের পক্ষে ক্রেতাদের সুরক্ষিত করা সম্ভব। সম্ভব কোনো সংস্থার উৎপাদনশীলতা বাড়ানো।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের স্থায়ী সচিব স্ট্যাফান নরমার্ক বলেন, ‘ফরাসি অর্থনীতিবিদ তিহল আমাদের সময়ের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদদের একজন।’