অর্ধেক ফরাসি নাগরিকই কার্টুন ছাপানোর বিপক্ষে
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন ছাপানোর বিপক্ষে প্রায় অর্ধেক ফরাসি নাগরিক। এক জরিপে গতকাল রোববার এ তথ্য জানা গেছে। বিতর্কিত কার্টুন ছাপানোর বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে। তবে এরপরও পত্রিকাটির প্রধান সম্পাদক কার্টুন ছাপানোর পক্ষে সাফাই গেয়েছেন। খবর এএফপি ও এপির।
ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি এবদোতে মহানবীর (সা.) কার্টুন প্রকাশ ও এর জের ধরে সম্প্রতি পত্রিকাটির কার্যালয়ে হামলায় ১২ জন নিহত হওয়ার পর বাক্স্বাধীনতার সীমার বিষয়ে বিশ্বজুড়েই শুরু হয় বিতর্ক। এ প্রেক্ষাপটেই ওই জরিপ চালায় দেশটির জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইফপ।
ফলাফলে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের ৪২ শতাংশ মনে করেন, মহানবীর (সা.) কার্টুন বহু মুসলিমের কাছে অবমাননাকর, যা ছাপা উচিত নয়। ৫০ শতাংশ বলেন, তাঁরা ‘অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বাক্স্বাধীনতার সীমাবদ্ধতা’র বিষয়কে সমর্থন করেন।
৫৭ শতাংশের মত, মুসলিমদের বিরোধিতার কারণে কার্টুন প্রকাশ থামানো উচিত নয়। এই ফলাফল লো জার্নাল দু দিমোস পত্রিকায় প্রকাশিত হয়েছে।
সাংবাদিকসহ ১২ জন নিহত হওয়ার ঘটনার পর প্রকাশিতশার্লি এবদোর নতুন সংখ্যার প্রচ্ছদে আবারও মহানবীর (সা.) কার্টুনটি ছাপা হয়। এর প্রতিবাদে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে শুক্র ও শনিবারের বিক্ষোভে ১০ জন নিহত হয়েছে। শুক্রবার দ্বিতীয় প্রধান শহর জিন্দারে বিক্ষোভ চলাকালে পাঁচজন নিহত হয়। পরদিন রাজধানী নিয়ামিতে বিক্ষোভকারীরা কয়েকটি গির্জা ও বার জ্বালিয়ে দেয়। এ সময় পাঁচজন নিহত হয়।
শার্লি এবদোর প্রতি সমর্থনসূচক লেখা প্রকাশের অভিযোগ এনে ইরানের বিচার বিভাগ দেশটির মার-দোম-ই-ইমরোজ নামের একটি পত্রিকা নিষিদ্ধ করে। পত্রিকাটির প্রথম পাতায় হলিউডের অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জর্জ ক্লুনির করা ‘আমি শার্লি এবদো’ এই উক্তিকে ধরে একটি শিরোনাম প্রকাশ করে। তবে ওই প্রতিবেদনে ক্লুনির প্রতি কোনো সমর্থন প্রকাশ করা হয়নি।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি পত্রিকাটির নতুন সংখ্যায় মহানবীর (সা.) কার্টুন ছাপানোর নিন্দা করেছেন। এবাদি বলেছেন, অবমাননাকর শব্দ ভবিষ্যতে আরও রক্তপাতের কারণ হতে পারে।
বিশ্বব্যাপী এসব প্রতিবাদের মুখেও শার্লি এবদোর প্রধান সম্পাদক জেহাঘ বায়াখ কার্টুন ছাপানোর পক্ষে তাঁর অবস্থান তুলে ধরেছেন। এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি দাবি করেন, ‘কার্টুনগুলো ধর্মের স্বাধীনতাই রক্ষা করেছে। আমরা ধর্মীয় স্বাধীনতার পক্ষে।’