অসুস্থতা গোপন করেছিলেন পাইলট

আল্পস পর্বতমালায় বিধ্বস্ত জার্মান বিমানের সহকারী পাইলট আন্ড্রিয়াস লুবিৎস তাঁর অসুস্থতার কথা গোপন করেছিলেন। আজ শুক্রবার জার্মান কর্মকর্তারা এই দাবি করেন। তবে তাঁর কী ধরনের অসুস্থতা ছিল তাঁরা সেটি বলেননি।
জার্মানির গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে জানা গেছে, লুবিৎস হতাশাজনিত রোগে ভুগছিলেন এবং তাঁকে চিকিৎসাধীন থাকতে পরামর্শও দেওয়া হয়েছিল।
আজ বিবিসিতে প্রকাশিত এক সংবাদে এমন তথ্য পাওয়া গেছে।
এদিকে জার্মানির ‘বিল্ড’ পত্রিকায় প্রকাশিত এক সংবাদে জানা গেছে, ২০০৯ সালে মানসিক অসুস্থতার জন্য প্রায় ছয় মাস প্রশিক্ষণের বাইরে ছিলেন লুবিৎস।
জার্মানির জাতীয় বিমান পরিচালনা সংস্থা লুফথানসার সহযোগী সংস্থা জার্মানউইংসের এ৩২০ এয়ারবাসটি গত মঙ্গলবার স্পেন থেকে জার্মানি যাওয়ার পথে আল্পস পর্বতমালার ফরাসি অংশে বিধ্বস্ত হয়। এতে এর ১৫০ জন আরোহীর সবার মৃত্যু হয়। বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি টানা আট মিনিট ধরে নিচের দিকে নামতে থাকে। এদিকে গতকাল বৃহস্পতিবার ককপিট ভয়েস রেকর্ডারের তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা বলেছেন, পাইলট ইচ্ছা করে উড়োজাহাজটিকে পাহাড়চূড়ায় আছড়ে ফেলেন। পরে লুফথানসা কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করে।
আজ বিবিসির সংবাদে বলা হয়, ওই ঘটনার পেছনে লুবিৎসের রাজনৈতিক কিংবা ধর্মগত কোনো উদ্দেশ্য কাজ করেছিল, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাওয়া যায়নি কোনো সুইসাইড নোটও।
এক বিবৃতিতে জার্মান কর্মকর্তারা জানান, তাঁরা লুবিৎসের এবং তাঁর বাবা-মায়ের বাসা থেকে তাঁর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করেছেন। তাতে পরিষ্কারভাবেই তাঁর অসুস্থতা এবং চিকিৎসাধীন থাকার ইঙ্গিত পাওয়া গেছে। অসুস্থতার সাম্প্রতিক নোটে এটি স্পষ্ট যে, তিনি অসুস্থতার বিষয়টি গোপন করেছিলেন।
তবে জার্মানউইং নতুন পাওয়া এ তথ্য সম্বন্ধে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
চিকিৎসাধীন থাকার পরামর্শ দেওয়া হয়েছিল
জার্মানির সংবাদপত্র বিল্ড শুক্রবার সংবাদ প্রকাশ করে যে, ২০০৯ সালে প্রশিক্ষণ শেষ হওয়ার পর আন্ড্রিয়াস লুবিৎস মারাত্মক হতাশাজনিত সমস্যায় ভুগেছিলেন। সে সময় প্রায় দেড় বছরের মতো সময় তিনি চিকিৎসাধীন ছিলেন। অভ্যন্তরীণ কিছু নথির বরাত দিয়ে ‘বিল্ড’ ও জার্মান সম্প্রচার সংস্থা এআরডি সংবাদ প্রকাশ করেছে, লুবিৎসের অ্যাভিয়েশন কর্তৃপক্ষও তাঁকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষায় থাকার কথা বলেছিল।
লুবিৎসের নিয়োগকারী সংস্থাও এটি নিশ্চিত করেছে যে, বছর ছয়েক আগে তাঁর প্রশিক্ষণ ছয় মাসের জন্য বাধাগ্রস্ত হয়েছিল। তবে সেটি কী কারণে হয়েছিল, তাঁরা তার ব্যাখ্যা দেননি। জার্মান বিমান সংস্থা লুফথানসার প্রধান নির্বাহী কর্মকর্তা কারস্টেন স্পোর বলেন, ওই ঘটনার পর লুবিৎসের স্থিতিশীলতা পুনরায় প্রমাণিত হওয়ার পরই তাঁকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি বলেন, উড্ডয়ন সংক্রান্ত সব পরীক্ষায়ই লুবিৎস উত্তীর্ণ হয়েছিলেন।