অস্ট্রিয়ায় এক দিনে ঢুকেছে দশ হাজার শরণার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত বন্ধ করে দেওয়া হাঙ্গেরি থেকে ১০ হাজারের বেশি শরণার্থী গতকাল রোববার অস্ট্রিয়ায় ঢুকেছে। এ সংখ্যা আগের দিন অস্ট্রিয়ায় পৌঁছানো শরণার্থীর চেয়ে কিছু বেশি। দেশছাড়া এসব মানুষকে আশ্রয় দেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বিবাদ মিটছে না। এ পরিস্থিতিতে জাতিসংঘ বলেছে, শরণার্থীদের প্রতি ইইউভুক্ত কিছু দেশের আচরণ এ জোটের ঐক্যকে সংকটের মুখে ফেলেছে। খবর গার্ডিয়ান ও বিবিসির।
শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় ক্রোয়েশিয়া তাদেরকে হাঙ্গেরি সীমান্তে এনে রাখছে। এরপর হাঙ্গেরি আবার তাদেরকে বাসে করে অস্ট্রিয়ার পূর্ব সীমান্তের অভ্যর্থনা কেন্দ্রের কাছে পাঠাচ্ছে।
পুলিশ বলেছে, শনিবার মধ্যরাতের পর থেকে গতকাল দুপুর পর্যন্ত এভাবে অস্ট্রিয়ায় পৌঁছেছে ১০ হাজার ৭০০ শরণার্থী। আগের দিন পৌঁছেছিল ১০ হাজার ৫০০। অস্ট্রিয়ার বার্গেনল্যান্ড রাজ্যের উপপুলিশ প্রধান ক্রিস্টিনা স্টেলা বলেছেন, এভাবে শরণার্থীদের পাঠানোর খবরটি আগে থেকে জানায়নি হাঙ্গেরি। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোহানা মাইক-লিটনার ইইউয়ের নীতিমালা ভঙ্গের অভিযোগ এনেছেন হাঙ্গেরির বিরুদ্ধে।
গত বুধবার পর্যন্ত ক্রোয়েশিয়া সার্বিয়া থেকে আসা ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। প্রথমে তাদের গ্রহণ করতে রাজি হলেও পরে দেশটি জানায়, এত মানুষকে আশ্রয় দেওয়ার অবস্থা তাদের নেই। ক্রোয়েট প্রধানমন্ত্রী গোরান মিলানোভিচ বলেন, ‘আমরা লোকগুলোকে পাঠিয়ে দিয়েছি। আমরা এমনটাই করব।’
মিলানোভিচের এ বক্তব্যের সমালোচনা করে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিরাতো প্রশ্ন করেন, ‘এটা কোন ধরনের ইউরোপীয় ঐক্যের নমুনা?’
ক্রোয়েশিয়া থেকে আসা শরণার্থীদের অস্ট্রিয়ার দিকে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি হাঙ্গেরি তাদের সীমান্তে বেড়া দেওয়ার কাজ অব্যাহত রেখেছে।
শরণার্থী নিয়ে ইউরোপের এ দেশগুলোর আচরণে হতাশা প্রকাশ করেছে জাতিসংঘ। তারা বলেছে, শরণার্থীদের বিষয়ে একটি সমন্বিত কার্যক্রম যদি না নিতে পারে, তবে ইউরোপের দেশগুলোর ঐক্য ঝুঁকির মধ্যে পড়বে। আন্তর্জাতিক অভিবাসনসংক্রান্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড বলেছেন, ‘শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে একক ইউরোপের ধারণাটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে।’
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, কানাডা সরকার গত শনিবার দেশটিতে এক বছরের মধ্যে ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে।