অস্ট্রিয়ার উগ্র ডান নেতার সামনে নতুন সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়ায় গত মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ওই নির্বাচনে ব্যাপক পদ্ধতিগত অনিয়ম হয়েছে উল্লেখ করে গতকাল শুক্রবার এই আদেশ দেওয়া হয়।
নির্বাচন বাতিল হওয়ায় দেশটির কট্টর ডানপন্থী ফ্রিডম পার্টি (এফপিও) নেতা নরবার্ট হফারের সামনে আবারও সম্ভাবনার দ্বার খুলে গেল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই নির্বাচনে তিনি মাত্র ৩০ হাজার ৮৬৩ ভোটের ব্যবধানে হেরেছিলেন।
অস্ট্রিয়ার জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ঘোষণায় সাংবিধানিক আদালতের বিচারক গারহার্ট হোলজিঙ্গার বলেন, ‘আজ যে সিদ্ধান্ত আমি ঘোষণা করতে চলেছি, তাতে কারওর হার বা জিত নেই। আইনের শাসন ও গণতন্ত্রের ওপর মানুষের আস্থাকে শক্তিশালী করাই এ সিদ্ধান্তের লক্ষ্য।’
আদালতের রায়ের পর এফপিও নেতা হফার এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আদালত এমন একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ায় আমি খুশি। আইনের শাসনের প্রতি আমার অগাধ আস্থা আছে।’
আদালত গত ২২ মে অনুষ্ঠিত ওই প্রেসিডেন্ট নির্বাচন আদালত বাতিল করে দেওয়ায় দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে হতে পারে। রায়ের পর এক সংবাদ সম্মেলনে মে মাসের নির্বাচনে জয়ী গ্রিন পার্টির সাবেক নেতা আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন বলেন, ‘সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আগামী নির্বাচনের ফল নরবার্ট হফারের পক্ষে গেলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটে প্রথমবারের মতো একজন কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধী প্রেসিডেন্টকে দেখা যাবে।