অস্ট্রিয়ায় ডানপন্থীরা দ্বিতীয় অবস্থানে

অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে ডানপন্থী ফ্রিডম পার্টি (এফপিও) দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে। অস্ট্রিয়ান রক্ষণশীল পিপলস পার্টি (ওভিপি) সর্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠনের পথে। নির্বাচনে সাবেক জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল (এসপিও) রয়েছে তৃতীয় অবস্থানে।
সাবেক জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওভিপি দলের তরুণ নেতা ৩১ বছর বয়স্ক সিবাস্হিয়ান কূর্জ ভবিষ্যতে অস্ট্রিয়ার চ্যান্সেলর হতে যাচ্ছেন। সিবাস্হিয়ান কূর্জের দল ওভিপি কট্টরপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের আভাস দিয়েছে।
এর আগে ২০০০ সালে ওভিপি ও এফপিও দল জোটবদ্ধ হয়ে সরকার পরিচালনার সময় অযোগ্যতার কারণে তাদের প্রায়ই সমালোচনার সম্মুখীন হতে হতো। অবশ্য সতেরো বছর পর মধ্য ইউরোপে ডানপন্থীদের অব্যাহত উত্থানে কট্টরপন্থীদের সঙ্গে নিয়ে সরকার চালানো অনেকটাই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
গত মাসে অস্ট্রিয়ার ক্ষমতাসীন এসপিও এবং ওভিপি দলের সরকার ভেঙে যায়। আর এই কারণেই এক বছর মেয়াদ থাকতেই নতুন করে অস্ট্রিয়ার সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এবারের নির্বাচনে ওভিপি পেয়েছে ৩১ শতাংশ, এফপিও ২৭ শতাংশ আর এসপিও পেয়েছে ২৬ শতাংশ ভোট।
২০১৫ সালে তৎকালীন অস্ট্রিয়ার চ্যান্সেলর ভের্নার ফেম্যান ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলে প্রচেষ্টাতে অস্ট্রিয়া হাঙ্গেরি সীমান্ত খুলে দেওয়ার ফলে হাজার হাজার শরণার্থী জার্মানিসহ মধ্য ইউরোপের দেশগুলোতে প্রবেশ করেছিলেন। আর সেই ঘটনাকে পুঁজি করেই অস্ট্রিয়ার ফ্রিডম পার্টি নির্বাচনে ভালো সাফল্য পেয়েছে।
তিন সপ্তাহ আগে জার্মানির সংসদ নির্বাচনের মতো জার্মানির দক্ষিণ সীমান্তের দেশ অস্ট্রিয়াতেও ইসলাম, শরণার্থী, অভিবাসী নিয়ন্ত্রণ এই বিষয়গুলোর কারণে দক্ষিণপন্থী ফ্রিডম পার্টি বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর এই স্লোগানগুলো সামনে এনে জার্মান কট্টর রক্ষণশীল অলটারনেটিভ ফর জার্মানি দলর মতই অস্ট্রিয়ার সংসদে কট্টরপন্থী ফ্রিডম পার্টি এফপিও দ্বিতীয় বৃহত্তর দল ও জোট সরকার গঠন করে অষ্ট্রিয়াতে ক্ষমতাসীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।