অস্ট্রিয়ায় পরিত্যক্ত ট্রাকে ২০ অভিবাসীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়ায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে গতকাল বৃহস্পতিবার অন্তত ২০ জন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগের দিন বুধবার ভূমধ্যসাগর পেরোতে গিয়ে লিবিয়া উপকূলের কাছে মৃত্যু হয়েছে ৫৪ জন আশ্রয়প্রার্থীরা। এ দুটি ঘটনা ইউরোপে অভিবাসন সমস্যাকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূমিকার সমালোচনা হচ্ছে। ভিয়েনায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত পশ্চিম বলকান দেশগুলোর সম্মেলনে অস্ট্রিয়া ও বলকান দেশগুলোর নেতারা চলমান সংকট নিয়ে ইইউর কাছে জবাব চেয়েছে। আর জাতিসংঘও ইইউর ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়েছে। খবর বিবিসি ও এএফপির।
অস্ট্রিয়ার এ ফোর হাইওয়ের পাশে রাখা ট্রাকটির ভেতরে বেশ কয়েকজন অভিবাসীর লাশ পাওয়া যায়। লাশের সংখ্যা ২০ থেকে ৫০টি হতে পারে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল জানিয়েছেন। এদিকে, সুইডেনের কোস্টগার্ডের একটি জাহাজ লিবিয়া উপকূলের কাছাকাছি এলাকায় ছোট ছোট নৌযান থেকে অন্তত ৬০০ জন শরণার্থীকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়। গতকাল রাতেই জাহাজটির ইতালির পালোমো বন্দরে নোঙর করার কথা।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল অনুষ্ঠিত সম্মেলনে পশ্চিম বলকান অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনায় যোগ দেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি চলমান পরিস্থিতিতে অভিবাসীদের জায়গা দেওয়ার দায় ভাগ করে নিতে ইউরোপের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশ নিয়ন্ত্রণে ইইউর অবশ্যই একটি কর্মপরিকল্পনা রাখা উচিত বলে মন্তব্য করেছে সার্বিয়া ও মেসিডোনিয়া। আর অস্ট্রিয়ার অভিযোগ, পশ্চিম বলকান অঞ্চলে অভিবাসীদের প্রবেশের বিষয়ে যথেষ্ট মনোযোগ দিতে ব্যর্থ হয়েছে ইইউ।
শরণার্থীবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রাঁসোয়া ক্রেপু ইইউকে একটি মানবাধিকারভিত্তিক, সুসংহত এবং সামগ্রিক অভিবাসননীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার বলেন, ‘ইইউ এবং তার সদস্যদেশগুলো যা করছে, তা ফলপ্রসূ হচ্ছে বলে আমরা যেন ভান না করি। অভিবাসন চলতেই থাকবে। বেড়া দিয়ে, কাঁদানে গ্যাস ছুড়ে এবং অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে অন্যান্য সহিংসতা অবলম্বন করে, মানুষকে আশ্রয়, খাবার, পানি থেকে বঞ্চিত করে কিংবা তাদের বিরুদ্ধে ঘৃণাপূর্ণ ভাষা প্রয়োগ করে ইউরোপমুখী অভিবাসন বন্ধ করা যাবে না।’
এক লাখ সাড়ে সাত হাজার অভিবাসী গত মাসে ইইউ সীমান্ত অতিক্রম করেছে, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। পুলিশের হিসাব অনুযায়ী গত বুধবার সার্বিয়ায় প্রবেশ করেছে তিন হাজারের বেশি আশ্রয়প্রার্থী। এদিকে পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট আন্দ্রে দুদা গতকাল বলেন, তাঁর দেশ মধ্যপ্রাচ্য বা আফ্রিকা থেকে আসা শরণার্থীদের সাহায্য করতে অনিচ্ছুক। কারণ, শিগগিরই ইউক্রেন থেকে পোল্যান্ডে শরণার্থী আসার সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশ থেকে এখনো মানুষ আশ্রয়ের খোঁজে দলে দলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করছে।