অস্ট্রিয়ায় পেগিডার প্রথম সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাশ্চাত্যে ইসলামীকরণের বিরুদ্ধে দেশপ্রেমী ইউরোপীয়রা’ (সংক্ষেপে পেগিডা) নামে কট্টরপন্থী আন্দোলন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত সোমবার সমাবেশ করেছে। প্রতিবেশী জার্মানিতে শুরু হওয়া ‘মুসলিমবিদ্বেষী’ পেগিডা আন্দোলনের অস্ট্রিয়ায় এটিই প্রথম কর্মসূচি। খবর বিবিসির।
জার্মানিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পেগিডার সমাবেশে প্রায়ই ২০ হাজারেরও বেশি লোকসমাগম হয়েছে। কিন্তু ভিয়েনায় সোমবারের সমাবেশে সেই তুলনায় উপস্থিতি ছিল অনেক কম, মাত্র কয়েক শ। বরং পেগিডাবিরোধী প্রায় পাঁচ হাজার মানুষ পাল্টা সমাবেশ করেন। সংগঠনটির সমর্থকদের অনেকে নিন্দিত নাৎসি কায়দায় অভিবাদন জানান এবং স্লোগান দেন। এ সময় দাঙ্গা পুলিশ দুই পক্ষকে আলাদা করে দেয়।
অস্ট্রিয়ার রাজনৈতিক দল গ্রিন পার্টি পেগিডার ওই সমাবেশের সমালোচনা করেছে। আর ডানপন্থী ফ্রিডম পার্টি ওই সমাবেশকে ‘নাগরিক অধিকার’ আখ্যা দিয়েছে।
জার্মানির পূর্বাঞ্চলীয় ড্রেসডেন শহরে গত বছর থেকে পেগিডার আন্দোলন শুরু হয়েছে। চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক ও নরওয়েতেও তারা সমাবেশ করেছে। আর স্পেন, সুইজারল্যান্ড, সুইডেনসহ ইউরোপের কয়েকটি দেশে তাদের সমমনা সংগঠন সক্রিয় রয়েছে।
জার্মানি ও অস্ট্রিয়া দুই দেশেই পেগিডা আন্দোলনের সংগঠকেরা দাবি করেছেন, তাঁরা মুসলিমবিরোধী নন।