অস্ট্রেলিয়ার কড়া নিন্দায় সাবেক ব্রিটিশ মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন রোধে অস্ট্রেলিয়ার অবস্থানকে ‘অবোধগম্য’ ও ‘ব্যাপক মাত্রায় অরক্ষণশীল’ বলে সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রভাবশালী এমপি রিচার্ড বেনিয়ান। ফেয়ারফ্যাক্স মিডিয়ায়প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

সাবেক ব্রিটিশ পরিবেশমন্ত্রী কনজারভেটিভ পার্টির এমপি রিচার্ড বেনিয়ান বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাকে একেবারেই ভ্রুক্ষেপ করছে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া পেট্রল ও ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্প আরও বাড়ানো এবং নবায়নযাগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমানোর পর বেনিয়ান এসব মন্তব্য করলেন। জলবায়ু পরিবর্তন রোধে শিল্পোন্নত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এমপি বেনিয়ান। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো দেশ যেখানে বায়ু বা সৌর শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির বিপুল উৎস আছে, সেখানে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ‘বিভ্রান্তিকর’।

বেনিয়ান আরও বলেন, ‘নতুন বড় মাপের কয়লাখনি সম্প্রসারণ এবং কয়লা রপ্তানি করে অস্ট্রেলিয়ার অর্থনীতিকে পুষ্ট করার চেষ্টা করছেন অ্যাবট। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এসব কাজে কোনো ব্যাংকই বিনিয়োগ করতে রাজি হচ্ছে না। আবার বিশ্বের যে দেশটিতে সবচেয়ে বেশি কয়লা ব্যবহার হয়, সেই চীনেও কয়লার চাহিদা দিন দিন কমছে।’

রক্ষণশীল বলে পরিচিত অ্যাবটের সমালোচনা করে বেনিয়ান বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, জলবায়ু পরিবর্তনের বিজ্ঞানকে অগ্রাহ্য করছেন অ্যাবট। অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখা যাবে না—এমন বিশ্বাস বদ্ধমূল অ্যাবটের মধ্যে। এটি প্রকৃত রক্ষণশীলতা নয়, এর বিকৃত রূপ।’