অস্ট্রেলিয়ায় থিম পার্কের রাইডে চারজনের প্রাণহানি
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবস্থিত থিম পার্কের একটি রাইড উপভোগকালে দুর্ঘটনায় চারজনের প্রাণ গেছে। পুলিশ ও পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ড্রিমওয়ার্ল্ড নামের থিম পার্কটি কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অবস্থিত। পার্কের এক মুখপাত্র বলেন, থান্ডার রিভার র্যাপিডস রাইডে দুজন পুরুষ ও দুজন নারীর মৃত্যু হয়েছে।
কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্সের মুখপাত্র গ্যাভিন ফুলার বলেন, যান্ত্রিক ‘ত্রুটিতে’ রাইড থেকে দুজন পড়ে যান। আর দুজন ভেতরে আটকা পড়েন।
মারা যাওয়া চারজনের পরিচয় জানানো হয়নি। তবে তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
রাইডে প্রাণহানির এই ঘটনার পর পার্কটি বন্ধ রাখা হয়েছে। প্রাণহানির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
পার্ক কর্তৃপক্ষ বলছে, এই দুর্ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। যত দ্রুত সম্ভব এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা কাজ করছে।
ড্রিমওয়ার্ল্ড নিজেদের অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় থিম পার্ক হিসেবে দাবি করে। সেখানে অর্ধশতাধিক রাইড আছে। আছে আকর্ষণ করার মতো আরও অনেক বিষয়।