অস্ট্রেলিয়ায় রাইড দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেস হ্যারিসন
ছবি: তাসমানিয়া পুলিশ

অস্ট্রেলিয়ায় শিশুদের খেলার রাইড বাউন্সি ক্যাসেল দুর্ঘটনায় আহত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় ছয় শিশুর মৃত্যু হলো। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সবশেষ মারা যাওয়া শিশুটির নাম চেস হ্যারিসন। ১১ বছর বয়সী এই শিশুটি স্থানীয় সময় গতকাল রোববার মারা যায়।

হোবার্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল শিশুটি। গতকাল তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

গত বৃহস্পতিবার তাসমানিয়ার ডেভোনপোর্টের হিলক্রেস্ট প্রাইমারি স্কুলে এই দুর্ঘটনা ঘটে।

দমকা হাওয়ায় বাউন্সি ক্যাসেল রাইড উড়ে যায়। এ ঘটনায় প্রায় ৩২ ফুট ওপর থেকে ৯টি শিশু পড়ে যায়।

মূলত পলিমার দিয়ে বাউন্সি ক্যাসেল রাইড তৈরি করা হয়। বাতাস দিয়ে ফুলিয়ে দুর্গের আদলে তা বানানো হয়। রাইডে লাফিয়ে লাফিয়ে খেলা করে শিশুরা।

অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের পুলিশ জানায়, স্কুলটিতে আনন্দ আয়োজন উপলক্ষে বাউন্সি ক্যাসেল রাইডের ব্যবস্থা করা হয়েছিল।

দুর্ঘটনায় হ্যারিসের আগে পাঁচ শিশু মারা যায়। তারা হলো এডিসন স্টুয়ার্ট, জেন মেলর, জেই শিহান, জালাইলাহ জেন মারি জোন্স ও পিটার ডট। তাদের বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে।

আহত দুই শিশু এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আরেক শিশু শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। সে গতকাল স্কুলে গিয়ে তার নিহত সহপাঠীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল তাসমানিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা এ নিয়ে তাড়াহুড়া করতে চাইছে না। তবে তারা এটাও বোঝে যে মানুষ দুর্ঘটনার কারণ জানার অপেক্ষায় আছে।