অস্ত্র চুক্তি ভঙ্গ না করতে যুক্তরাষ্ট্রকে রুশ হুঁশিয়ারি
গুরুত্বপূর্ণ একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ভঙ্গ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে, ইউরোপে ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে দেশটিকে তার পরিণতি ভোগ করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সতর্কবাণী উচ্চারণ করে। খবর এএফপির।
রুশ সরকারের বিবৃতিতে বলা হয়, এটা স্পষ্ট যে ওই ধরনের কার্যকলাপের অর্থ দাঁড়াবে মার্কিন পক্ষ কর্তৃক চুক্তিটির শর্তের সম্পূর্ণ লঙ্ঘন। সেই সঙ্গে আসবে এর যাবতীয় পরিণতির বিষয়টি।
রুশ মন্ত্রণালয় যে চুক্তির প্রসঙ্গে এই হুঁশিয়ারি দিচ্ছে তা হচ্ছে, স্নায়ুযুদ্ধের শেষ দিকের আইএনএফ চুক্তি। ১৯৮৭ সালের এ চুক্তি মাঝারি ও ক্ষুদ্রতর পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা আইএনএফের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এ দলিলের উপযোগিতাকে ঝুঁকির মধ্যে না ফেলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আইএনএফ চুক্তিতে পাঁচ শ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার পরমাণু ও প্রচলিত উভয় ধরনের অস্ত্রবাহী স্থলভিত্তিক ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়। ১৯৮৭ সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভ চুক্তিটি সই করেন। দুই দেশই আগেও একে অন্যের বিরুদ্ধে এটি লঙ্ঘনের অভিযোগ করেছে।
গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, রাশিয়ার আইএনএফ ‘চুক্তি ভঙ্গের’ পাল্টা ব্যবস্থা হিসেবে তারা ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা জোরদার বা স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপের কথা বিবেচনা করছেন।