মিউনিখে বন্দুকধারীর হামলার পর জার্মানিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন জ্যেষ্ঠ রাজনীতিকেরা। ভাইস-চ্যান্সেলর সিগমার গাব্রিয়েল বলেছেন, আগ্নেয়াস্ত্রের ব্যবহার সীমিত রাখতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। এমনিতেই দেশটির আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন ইউরোপের ‘সবচেয়ে কঠোর’ আইনগুলোর অন্যতম।
ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণ আলি ডেভিড সনবোলি গত শুক্রবার বিকেলে মিউনিখের একটি বিপণিকেন্দ্রে গুলি করে নয়জনকে হত্যা করার পর জার্মানিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে। হামলাকারী সনবোলি ঘটনার একপর্যায়ে আত্মহত্যা করেন। তাঁর কাছে একটি পিস্তল এবং তিন শতাধিক গুলি ছিল। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইজিয়ের ঘটনাস্থল পরিদর্শনের পর বলেছেন, তিনি আগ্নেয়াস্ত্র আইন পর্যালোচনার কথা বিবেচনা করছেন।
২০০৯ সালে এক তরুণ জার্মানির উইনেনডেন শহরের একটি স্কুলে গুলি চালিয়ে ১৬ জনকে হত্যা করার পর দেশটি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কার করে আগের চেয়ে আরও কঠোর করে। জার্মানিতে অস্ত্র কিনতে চাইলে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সুনির্দিষ্ট কারণ থাকতে হয়। ২৫ বছরের কম বয়সী কেউ অস্ত্র কিনতে চাইলে তাঁকে মানসিক পরীক্ষাও দিতে হয়। মাদকাসক্ত বা মানসিক অসুস্থ যেকোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে কর্তৃপক্ষের।
২০১৩ সালের হিসাব অনুযায়ী জার্মানিতে প্রায় ৫৫ লাখ অনুমোদিত ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রয়েছে। ফ্রাঙ্কফুর্টের একটি সংবাদপত্র জানায়, দেশটিতে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে প্রায় দুই কোটি।
বাভারিয়া রাজ্যের সবচেয়ে বড় বিপণিকেন্দ্র হিসেবে পরিচিত অলিম্পিয়া মলে উপস্থিত লোকজনের ওপর গুলি চালিয়েছিলেন সনবোলি। প্রথমে কাছের ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় গুলি শুরু করেন। সনবোলি মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন বলে তদন্তে তথ্য মিলেছে। তারপরও তিনি কীভাবে আগ্নেয়াস্ত্র পেলেন, বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান ভবিষ্যতে এ ধরনের হামলা মোকাবিলায় জরুরি প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
হামলাকারী সনবোলির ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ যেসব জিনিসপত্র পেয়েছে, তাতে বেপরোয়া গুলি চালিয়ে হামলার চিন্তায় তিনি ‘আচ্ছন্ন ছিলেন’ বলে ইঙ্গিত মিলেছে। সনবোলি ২২ জুলাই হামলা চালিয়েছেন। ঠিক পাঁচ বছর আগে এই দিনেই নরওয়েতে অ্যান্ডার্স ব্রেইভিক এ ধরনের হামলা করেছিলেন। ব্রেইভিকের কার্যকলাপ দিয়ে সনবোলি প্রভাবিত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।