অস্থায়ী প্রবীণ নিবাসে আগুন, মৃত ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে প্রবীণদের একটি অস্থায়ী বাসস্থানে আগুন লেগে ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
ইউক্রেনের জাতীয় জরুরি সেবা দপ্তরের প্রধান মাইকোলা চেচেতকিন বলেন, ঘটনাস্থল থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দোতলা ওই আশ্রয়কেন্দ্রের অবস্থান কিয়েভ থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে লিতোচকি গ্রামে।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জরুরি দপ্তর থেকে জানানো হয়, সকালে আশ্রয়কেন্দ্রটিতে আগুন লাগার সময় সেখানে ৩৫ জন ছিলেন। ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনা প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী ভ্লদিমির গ্রয়েসম্যান এ ঘটনায় একটি বিশেষ তদন্ত কমিশন গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।