অস্বাভাবিক দ্রুততায় ব্রেক্সিট বিল পাস করানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে আসার প্রক্রিয়া শুরু করতে (যা ব্রেক্সিট নামে পরিচিত) অস্বাভাবিক দ্রুততায় পার্লামেন্টে বিল উত্থাপন করল যুক্তরাজ্য সরকার। ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে হলে সংসদের অনুমোদন নিতে হবে—দেশটির সর্বোচ্চ আদালতের এমন রায়ের এক দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার বিলটি উত্থাপন করেন ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস।
এই বিল নিয়ে বিতর্কের জন্য এমপিদের মাত্র পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারির মধ্যেই বিলটির ওপর তিন পর্বের বিতর্ক, পুনর্নিরীক্ষণ এবং প্রতিবেদন প্রকাশের কাজ শেষ করে সংসদের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসে পাঠানোর লক্ষ্য ঠিক করা হয়েছে।
এমন অস্বাভাবিক দ্রুততায় বিলটি পাস করিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণে চটেছেন ইইউর সঙ্গে সম্পর্কের পুরোপুরি বিচ্ছেদ ঘটানোর বিরোধী এমপিরা। লেবার দলের এমপি বেন ব্রাডশো সরকারের উদ্যোগকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন।