অ্যান ফ্রাঙ্কের কবিতা ১ লাখ ৪০ হাজার ইউরোতে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে নাৎসি বাহিনীর ক্যাম্পে মারা যাওয়া কিশোরী অ্যান ফ্রাঙ্কের হাতে লেখা একটি কবিতা ১ লাখ ৪০ হাজার ইউরোতে নিলামে বিক্রি হয়েছে। গতকাল বুধবার নেদারল্যান্ডসে ডাকা এই নিলামে কবিতাটি প্রস্তাবিত মূল্যের চেয়ে তিন গুণের বেশি দামে বিক্রি হয়ে যায়।

নেদারল্যান্ডসের পশ্চিমাঞ্চলীয় শহর হার্লেমের বুব কুপার নিলাম হাউসে কবিতাটি নিলামে তোলা হয়। কবিতার মূল্য ধরা হয় ৩০ হাজার ইউরো (৩১ হাজার ডলার)। নিলাম হাউসের সহপরিচালক দাইজ ব্লাঙ্কভুর্ট বলেন, ‘গত ৪০ বছরের বেশি সময়ে এই লেখিকার স্বাক্ষর করা চার থেকে পাঁচটি নথি নিলামে তোলা হয়। কবিতাটি যে মূল্যে বিক্রি হলো তাতে আমি বিস্মিত।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী আমস্টারডাম শহর দখল করার পর দুই বছরের বেশি সময় বাড়িতে লুকিয়ে ছিল অ্যানের পরিবার। ১৯৪৪ সালের ৪ আগস্ট জার্মানদের কাছে সপরিবারে ধরা পড়ার আগ পর্যন্ত ওই বাড়িতেই ডায়রিতে নিজের কথা লিখে অ্যান। পরে নাৎসি ক্যাম্পে অ্যানের বাবা অটো ফ্রাঙ্ক বাদে অন্যরা মারা যান।