রাশিয়ার একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড ‘অপরাধমূলক অবহেলা’ থেকে ঘটেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তদন্ত কর্মকর্তারা বলছেন, ঘটনার সময় অগ্নিসংকেত বাজেনি এবং আগুন থেকে বাঁচার জরুরি নির্গমন পথও বন্ধ ছিল।
গত রোববার সাইবেরিয়ার কেমেরোভো শহরের একটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে। এর মধ্যে অনেক শিশু রয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে ১০ জন।
ঘটনাস্থল পরিদর্শন করে পুতিন এই ‘অসতর্কতা’র জন্য ভর্ৎসনা করেন। তিনি বলেন, ‘এটি কোনো যুদ্ধ নয় অথবা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণও নয়। লোকজন, শিশুরা এখানে আয়েশ করতে আসে। আমরা হতাহত ব্যক্তিদের নিয়ে কথা বলছি। কী কারণে আমরা তাদের হারালাম? শুধু অপরাধমূলক অবহেলা ও অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে।’
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, কর্তৃপক্ষের অপসারণের দাবিতে প্রায় ৩০০ লোক স্থানীয় সরকারের সদর দপ্তরের সামনে জড়ো হয়েছেন।
তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।
রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি বলছে, উইন্টার চেরি মলে নিয়মশৃঙ্খলার ব্যাপক লঙ্ঘন হয়েছে। আগুন লাগার পরপরই সতর্কসংকেত পেয়ে টেকনিশিয়ান অ্যালার্মের সুইচ বন্ধ করে দেওয়া হয়।
রোববার বিকেলে লাগা ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় অগ্নিনির্বাপণকর্মীদের। ১৭ ঘণ্টার বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। উদ্ধারকাজে যোগ দেন সাড়ে ছয় শর বেশি লোক।
বলা হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় এটিই সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা।
রাজধানী মস্কো থেকে ২ হাজার ২০০ মাইল পূর্বে কেমেরোভো এলাকাটি রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত।
শপিং মলটির সবচেয়ে ওপরের তলায় আগুনের সূত্রপাত ঘটে। সেখানে সিনেমা হল এবং শিশুদের খেলার জায়গা রয়েছে। আগুন যখন লাগে, তখন অনেকে সিনেমা দেখছিলেন।
অগ্নিকাণ্ডের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোয় দেখা যায়, মানুষ বাঁচার জন্য ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছেন। জানালা দিয়ে শুধু আগুনের কুণ্ডলী বের হতে দেখা গেছে।
অঞ্চলটির ডেপুটি গভর্নর ভ্লাদিমির চেরনভকে উদ্ধৃত করে বলা হয়েছে, শিশুদের লাফঝাঁপের জন্য স্প্রিং ও ফোম বসানো খেলাধুলার জায়গায় প্রথমে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেকোনো এক শিশুর কাছে সিগারেটের লাইটার ছিল। লাইটারের আগুন ফোমে লাগলে বারুদের মতোই তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এই শপিং মলটি ২০১৩ সালে যাত্রা শুরু করে।
এতে রয়েছে একাধিক সিনেমা হল, রেস্তোরাঁ, স্টিম বাথ বা বাষ্পস্নান, শিশুদের মনোরঞ্জনের জন্য ছোট চিড়িয়াখানাসহ বিনোদনের আরও নানা কিছু।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্করৎসোভা বলেন, আহত ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। ১১ বছরের এক শিশু তার বাবা ও ভাইবোনকে একসঙ্গে হারিয়েছে।
কেমেরোভো অঞ্চলের জরুরি বিভাগের উপপ্রধান ডেইয়ুকিন বলেন, আগুন প্রায় দেড় হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছিল, ৪০ শিশুসহ প্রায় ৬৯ জন এখনো নিখোঁজ রয়েছেন, উদ্ধার করা গেছে ১২০ জনকে।
এর আগে রাশিয়ার কাজানে ২০১৫ সালের মার্চে শপিং মলে আগুন লাগার ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছিল। ২০১৩ সালে দেশটিতে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটিই হাসপাতালে। এপ্রিল ও সেপ্টেম্বরে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনায় যথাক্রমে ৩৮ ও ৩৭ জনের মৃত্যু হয়।