অ্যাসাঞ্জকে মুক্তি দিতে বলল জাতিসংঘ প্যানেল

আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ‘বলপূর্বক আটক রাখা’ হয়েছে বলেই মত দিল জাতিসংঘ প্যানেল। তারা বলেছে, অ্যাসাঞ্জকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আর দীর্ঘ আটকাবস্থার জন্য তিনি ক্ষতিপূরণ চাইলে যুক্তরাজ্য ও সুইডেনকে তা দিতে হবে। তবে মুক্তির ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়াই দিয়েছে যুক্তরাজ্য সরকার। খবর এএফপির।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের বহু স্পর্শকাতর সরকারি তথ্য ফাঁস করে হইচই ফেলা দক্ষ হ্যাকার অ্যাসাঞ্জ প্রত্যাশা করছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ জাতিসংঘ প্যানেলের এ সিদ্ধান্তকে সম্মান দেখাবে। কিন্তু তাঁর প্রত্যাশার বিপরীত কথাই বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। জাতিসংঘ প্যানেলের সিদ্ধান্তকে তিনি অভিহিত করেছেন ‘হাস্যকর’ হিসেবে। সুইডেনও বলেছে, অ্যাসাঞ্জের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার ওই প্যানেলের নেই।
প্রায় চার বছর ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আছেন অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখান থেকে বের হলেই ধর্ষণের মামলায় আটক করে তাঁকে সুইডেনের হাতে তুলে দেওয়া হতে পারে বলে অ্যাসাঞ্জের আশঙ্কা। লন্ডন পুলিশও জানিয়ে রেখেছে, বের হলেই আটক করা হবে তাঁকে। উইকিলিকস প্রতিষ্ঠাতার দাবি, তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যা, যার উদ্দেশ্য হয়রানি করা।
বন্দিদশা থেকে নিষ্কৃতি পেতে ২০১৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য ও সুইডেনের বিরুদ্ধে জাতিসংঘের বলপূর্বক আটক-সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের কাছে অভিযোগ করেছিলেন অ্যাসাঞ্জ। এতে তিনি বলেন, এই বন্দিদশা ইচ্ছাকৃত নয়, বাধ্য হয়েই। কারণ, গ্রেপ্তার এড়িয়ে যুক্তরাজ্য থেকে চলে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
তদন্ত শেষে গতকাল শুক্রবার মতামত জানিয়েছে বিশ্বের পাঁচজন আইন বিশেষজ্ঞ নিয়ে গঠিত জাতিসংঘের প্যানেল। এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, অ্যাসাঞ্জের এ আটকাবস্থা সুইডেন ও যুক্তরাজ্যের সরকার বলপূর্বকভাবে করেছে বলেই তাদের কাছে বিবেচিত হয়েছে। কাজেই তাঁকে নিজের ইচ্ছামতো চলে যাওয়ার সুযোগ এবং ক্ষতিপূরণ চাওয়ার অধিকার দেওয়া উচিত।
অ্যাসাঞ্জ বলেছেন, জাতিসংঘের প্যানেলের এ রায় একটি ‘বড় সাফল্য’। ইকুয়েডর দূতাবাস থেকে ভিডিও লিংকের মাধ্যমে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ রায়ের ফলে আমার মুখে হাসি ফুটেছে। এখন যুক্তরাজ্য ও সুইডেনের উচিত এ রায় বাস্তবায়ন করা ও আমাকে চলে যেতে দেওয়া।...কোনো অভিযোগ ছাড়াই আমি সাড়ে পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে বন্দী আছি। সন্তান ও পরিবার ছাড়া আমার কঠিন সময় কাটছে।’
পরে লন্ডনের স্থানীয় সময় গতকাল বিকেলে দূতাবাসের ব্যালকনিতে এসে দাঁড়ান হাস্যোজ্জ্বল অ্যাসাঞ্জ। তাঁর হাতে ছিল জাতিসংঘ প্যানেলের দেওয়া সিদ্ধান্তের নথির একটি কপি। বাইরে জড়ো হওয়া কিছু লোকের উদ্দেশে তিনি বলেন, ‘কী দারুণ এটা! এটা এমন এক বিজয়, যা অস্বীকার করা যায় না। এই বিজয় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।’
জাতিসংঘের এই প্যানেলের মতামত বা সিদ্ধান্ত প্রতিপালনের আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। যুক্তরাজ্য ও সুইডেন সরকার জানিয়ে দিয়েছে, ওই প্যানেল কী বলল না বলল তাতে কিছু যায়-আসে না।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ‘খোলাখুলি বলতে গেলে জাতিসংঘ প্যানেলের বক্তব্য হাস্যকর এবং আমরা তা প্রত্যাখ্যান করছি।’ অ্যাসাঞ্জ নিজেই আইনি ব্যবস্থাকে ফাঁকি দিয়ে চলেছেন বলে মন্তব্য করেন তিনি।
সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সে দেশের কর্তৃপক্ষের হাতে যে মামলা চলমান আছে, সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার জাতিসংঘের ওই প্যানেলের নেই।
২০১০ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েক লাখ গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয় অ্যাসাঞ্জের প্রতিষ্ঠা করা উইকিলিকস। এতে বেকায়দায় পড়ে মার্কিন সরকার। মার্কিন কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের ওপর তাদের ক্ষোভ গোপন করেনি। ওই ঘটনার পরে একপর্যায়ে দুই নারীকে যৌন নির্যাতনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয় সুইডেনের আদালতে। তাঁর বিরুদ্ধে জারি হয় ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা। এ অবস্থায় গ্রেপ্তার এড়াতে ২০১২ সালের জুনে অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। তাঁর আশঙ্কা, লন্ডন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে তুলে দেবে সুইডেনের হাতে, সেখান থেকে তাঁকে হস্তান্তর করা হতে পারে যুক্তরাষ্ট্রের কাছে। অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করতে ইকুয়েডর দূতাবাসের চারপাশে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করে লন্ডন পুলিশ। গত বছর তা প্রত্যাহার করা হলেও এ কাজে সে পর্যন্ত তাদের ব্যয় হয় দেড় কোটি মার্কিন ডলার।