অ্যাসাঞ্জের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য জুলিয়ান অ্যাসাঞ্জের করা আবেদন নাকচ করে দিয়েছেন সুইডেনের একটি আদালত। যৌন হয়রানির অভিযোগে করা দুটি মামলায় ২০১০ সালে উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডেন। খবর বিবিসির।
অ্যাসাঞ্জ অভিযোগ দুটি অস্বীকার করেছেন। তিনি ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রয়েছেন। সুইডেনের তদন্তকারীরা বর্তমানে সম্ভবত অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, অ্যাসাঞ্জের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার কোনো কারণ তারা দেখছে না।
অ্যাসাঞ্জের আইনজীবী পার স্যামুয়েলসন বলেন, ‘আমাদের যুক্তিতর্কের ধারে-কাছে যেতে না দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সুইডেনে দুই নারীর করা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে অ্যাসাঞ্জ দাবি করেন, অভিযোগ দুটি যুক্তরাষ্ট্রের কাছে তাঁকে হস্তান্তরের ষড়যন্ত্রের অংশ। কেননা উইকিলিকস যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপন নথি প্রকাশ করেছে।