অ্যাসাঞ্জের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করল ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আশ্রয় প্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করল ফ্রান্স। আশ্রয় প্রার্থনা করে দেশটির প্রেসিডেন্টের কাছে গতকাল শুক্রবার খোলা চিঠি লিখেছিলেন অ্যাসাঞ্জ। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কার্যালয় থেকে তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়। খবর এএফপির।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে তাৎক্ষণিক ঝুঁকিতে নেই। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিন বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থানরত অ্যাসাঞ্জের খোলা চিঠি প্রকাশিত হয়েছে ফ্রান্সের বহুল প্রচারিত লো মঁদ পত্রিকায়। এতে তিনি নিজেকে একজন সাংবাদিক বলে উল্লেখ করেন। অ্যাসাঞ্জ চিঠিতে বলেন, পেশাগত কারণে তিনি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছ থেকে প্রাণনাশের হুমকিতে রয়েছেন।
গতকাল ৪৪ বছরে পা রেখেছেন অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ। তাঁর বিরুদ্ধে সুইডেনে ধর্ষণ ও যৌন হয়রানির মামলা রয়েছে। বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাঁকে চায় দেশটির কর্তৃপক্ষ। কিন্তু অ্যাসাঞ্জের দাবি, ওই মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং সুইডেনে গেলে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। তাহলে উইকিলিকসে হাজারো গোপন মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়ার জেরে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।