অ্যাসাঞ্জের ইন্টারনেট বিচ্ছিন্ন করার কথা স্বীকার ইকুয়েডরের

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের যে কক্ষে আছেন, সেখানকার ইন্টারনেট সংযোগের ওপর আংশিক নিয়ন্ত্রণ আরোপের কথা স্বীকার করেছে ইকুয়েডর। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অ্যাসাঞ্জ এমন কিছু গোপন তথ্য ফাঁস করেছেন, যেগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল বুধবার ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
যৌন হয়রানির মামলায় অভিযুক্ত অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডর দূতাবাসের ওই কক্ষে ২০১২ সালের মাঝামাঝি সময় থেকে বন্দী জীবন যাপন করছেন। তিনি তাঁর কক্ষে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না বলে অভিযোগ ওঠার পর ইকুয়েডর গতকাল এ কথা স্বীকার করে। দেশটির দাবি, অ্যাসাঞ্জের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই।
প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে তথ্য ফাঁস করার কারণে যুক্তরাষ্ট্র ইকুয়েডরের ওপর চাপ সৃষ্টি করেছে বলে উইকিলিকস যে অভিযোগ করেছে, তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
স্প্যানিশ ভাষায় দেওয়া ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এসব নথি প্রকাশ করার বিষয়ে উইকিলিকস যে সিদ্ধান্ত নিয়েছে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে। নথি প্রকাশের দায় একান্তই সংগঠনটির। যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ায় ইকুয়েডর হস্তক্ষেপ করতে চায় না।
জুলিয়ান অ্যাসাঞ্জ ইকুয়েডরের দূতাবাসে থেকেই উইকিলিকসের কার্যক্রম তদারকি করে আসছেন। সেখান থেকে তিনি মাঝে–মধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।