আইএস চক্র 'গঠনের চেষ্টা' ইউরোপে আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন, জার্মানি ও বেলজিয়ামের কর্তৃপক্ষ পাঁচ সন্দেহভাজন উগ্রপন্থীকে আটক করেছে। অভিযোগ করা হয়েছে ওই ব্যক্তিরা তিন দেশে ইসলামিক স্টেটের (আইএস) একটি ‘সক্রিয় ও ভয়ানক’ চক্র গঠনের চেষ্টা করছিলেন। স্পেনের সরকার গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আটক পাঁচজনের মধ্যে চারজন স্পেনের এবং একজন মরক্কোর বংশোদ্ভূত। তাঁদের দুজনকে বার্সেলোনা, একজনকে উত্তর আফ্রিকায় থাকা স্পেনের ক্ষুদ্র ভূখণ্ড মেসিলা, একজনকে ব্রাসেলস এবং অন্যজনকে জার্মানির ভুপারতাল থেকে ধরা হয়েছে।

বিবৃতিতে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে ‘ইসলাম ইন স্প্যানিশ’ শিরোনামের একটি পাতা খুলে আইএসের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। ওই পাতাটির ৩২ হাজারের বেশি অনুসারী রয়েছে।