আইএস জঙ্গিদের ওপর ফ্রান্সের প্রথম হামলা
ইরাকের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর প্রথমবারের মতো বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কার্যালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, উত্তর-পূর্ব ইরাকে আইএসের দপ্তর লক্ষ্য করে বিমান থেকে হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে এমন হামলা আরও চালানো হবে। খবর বিবিসির।
ইরাক ও সিরিয়ার বেশ বড় একটি অঞ্চল আইএসের জঙ্গিদের দখলে আছে। সেখানে খিলাফতের ঘোষণা দিয়েছে তারা। গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত তাদের লক্ষ্য করে ১৭০টির বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবিসির এক বিশ্লেষণে বলা হয়, ওয়াশিংটনের প্রথম মিত্র হিসেবে আইএসকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। অতর্কিত হামলা হিসেবেই ফ্রান্সের সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট এটি শুরু করলেন। এর আগে তিনি মালি ও মধ্য আফ্রিকায় সামরিক অভিযানে তাঁর দেশকে জড়িয়েছেন। ফ্রান্সের সরকার নিশ্চিত করেছে যে তাদের বিমান হামলা ইরাকেই সীমাবদ্ধ থাকবে এবং স্থলে যুদ্ধের জন্য কোনো সেনা মোতায়েন করা হবে না।
রয়টার্স জানায়, গতকাল ইরাকের কুর্দি নেতা মাসুদ বারজানি সিরিয়ার সীমান্তবর্তী একটি শহর রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছেন। গত দুই দিনে সীমান্তবর্তী কুর্দি শহর আয়ান আল-আরাবের আশপাশের কয়েকটি গ্রামে আইএস জঙ্গিরা হামলা চালিয়েছে। তাদের হামলার আশঙ্কায় কয়েক হাজার কুর্দি শহর ছেড়ে পালিয়েছে।