আইএস জঙ্গিরা 'মনোবিকারগ্রস্ত দানব': জন কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের ‘মনোবিকারগ্রস্ত দানব’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গত শুক্রবার প্যারিসে আইএসের হামলার পর সমবেদনা জানাতে ফ্রান্সে গিয়ে কেরি এ মন্তব্য করেন। আজ মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে বৈঠক করবেন কেরি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র ফ্রান্সের ‘কাঁধে কাঁধ’ রেখে অবস্থান করবে। গত শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে বোমা, গুলি ও আত্মঘাতী হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়।
এদিকে দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রেখেছে ফ্রান্স। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ ফ্রান্স ইনফো টিভিকে জানান, সোমবার রাত থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সন্দেহভাজন জঙ্গিদের ধরতে অন্তত ১২৮টি জায়গায় অভিযান চালানো হয়েছে। শুধু সোমবারই ১৬০টিরও বেশি জায়গায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফ্রান্সের নিরাপত্তা জোরদার করতে দেশজুড়ে ১ লাখ ১৫ হাজার সেনা ও পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ইতিমধ্যে তাদের সংগঠিত করা শুরু হয়েছে।
ফ্রান্সে সাড়ে দশ হাজার কট্টরপন্থী: ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলেছেন, দেশটিতে অন্তত সাড়ে ১০ হাজার কট্টরপন্থী আছেন। গোয়েন্দারা সারা দেশে এই কট্টরপন্থীদের শনাক্ত করেছে।