সিরিয়ায় রক্তাক্ত গৃহযুদ্ধ অবসানে সমন্বিত চেষ্টা এবং আপস-সমঝোতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গতকাল সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তাগিদ তুলে ধরেন। খবর বিবিসি, এএফপি ও গার্ডিয়ানের।
ভাষণে ওবামা বলেন, সিরিয়ায় সংঘাত থামাতে রাশিয়া, ইরানসহ যেকোনো দেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র। আর পুতিন ভাষণে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দমন করতে একটি ‘বৃহৎ জোট’ গঠনের আহ্বান জানান।
অধিবেশনে প্রেসিডেন্ট ওবামার পরপরই প্রেসিডেন্ট পুতিন ভাষণ দেন। গতকাল আরও পরের দিকে ওবামা ও পুতিনের মধ্যে একটি বৈঠকও হওয়ার কথা ছিল। বৈঠকে দুই নেতা সিরিয়া সংকট সমাধানে অভিন্ন একটা অবস্থানে পৌঁছা যায় কি না, তা বের করার চেষ্টা করবেন।
সিরিয়ায় যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করলেও ওবামা ভাষণে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি মস্কো যে অব্যাহত সমর্থন দিচ্ছে, তাঁর সমালোচনা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাশার একজন স্বৈরাচারী। তিনি তাঁর নিজ দেশের মানুষের ওপর পাশবিক নিপীড়ন চালিয়েছেন। রাসায়নিক অস্ত্র ও নির্বিচারে বোমাবর্ষণ করেছেন।
ওবামা আরও বলেন, ‘কিন্তু প্রেসিডেন্ট বাশারের শাসন থেকে নিয়ন্ত্রিত উত্তরণে একটা বাস্তবসম্মত প্রক্রিয়ার প্রয়োজন।’ তিনি রাশিয়ার প্রতি ইউক্রেনে মস্কোর আগ্রাসন বন্ধ করা এবং ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানান।
ভাষণে ওবামা ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি সই, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে চীন ও অন্য দেশগুলোর দাবি, কিউবার ওপর অবরোধ ও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ফের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা, লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি-পরবর্তী সময়ে দেশটির পরিস্থিতি তুলে ধরেন।
এদিকে ভাষণে পুতিন যুক্তি দিয়ে বলেন, প্রেসিডেন্ট বাশারই আইএসের সঙ্গে লড়াইয়ের উপযুক্ত ব্যক্তি। সে জন্য তাঁর হাত শক্তিশালী করতে হবে। বাশারকে সমর্থন না করাটা এক বিরাট ভুল। আইএসবিরোধী সবাইকে নিয়ে বৃহৎ জোট গঠনের একটি প্রস্তাবও দেন পুতিন।
পুতিন এই জোটকে হিটলারবিরোধী কোয়ালিশনের সঙ্গে তুলনা করেন, যে কোয়ালিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধে একসঙ্গে কাজ করেছিল। এ ক্ষেত্রে মুসলিম দেশগুলোর ‘এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা’ উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ দুই নেতার ভাষণের আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সাধারণ পরিষদের অধিবেশন উদ্বোধনকালে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান, এই পরিষদ যেন সিরিয়ায় যুদ্ধ বন্ধে সহায়তা করে। তিনি বলেন, আঞ্চলিক রেষারেষি দেশটির সংঘাত উসকে দিচ্ছে। সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, ইরান ও তুরস্কের প্রতি সমঝোতায় পৌঁছানোরও আহ্বান জানান তিনি।
ওদিকে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণদানের আগে রুশ প্রেসিডেন্ট সিরিয়াকে সহযোগিতা করা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। মিত্র সিরিয়ায় নতুন করে জোরেশোরে রুশ সামরিক সহায়তা পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির প্রেক্ষাপটে এসব কথা বলেন পুতিন।
রাশিয়া সপ্তাহ কয়েক আগেই সিরিয়ায় বেশ কয়েকটি যুদ্ধবিমান এবং অন্তত ১ হাজার ৭০০ সেনা পাঠায়। রাশিয়া বলেছে, আইএসের বিরুদ্ধে প্রেসিডেন্ট আসাদকে সহায়তা করতেই এই সহযোগিতা। তবে যুক্তরাষ্ট্র আইএসবিরোধী লড়াইয়ে রাশিয়ার শামিল হওয়াকে স্বাগত জানালেও বলেছে, প্রেসিডেন্ট বাশারের বিদায়ের মাধ্যমেই দেশটির চলমান সংকটের সমাধান সম্ভব।
রোববার সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বাশারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেন। সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা পুতিন বলেন, গোয়েন্দা সংস্থার পেশাগত ভাষায় বলতে গেলে, বাশার যুদ্ধাপরাধ করেছেন—এমন অভিযোগ তাঁর শত্রুদের সক্রিয় অনুমানমাত্র। এটা সিরিয়াবিরোধী প্রচারণারই অংশ। ইতিমধ্যে জার্মানি সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। জার্মানির এ আহ্বানকে ইউরোপীয় দেশগুলোর কট্টর আসাদবিরোধী অবস্থান থেকে সরে আসার আরেকটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।