আইএসকে কোবানি থেকে হটিয়ে দিয়েছে কুর্দিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সীমান্ত শহর কোবানি থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের হটিয়ে দিয়েছে কুর্দি যোদ্ধারা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠন বলছে, চার মাসের লড়াইয়ের পর কুর্দিদের দখলে চলে গেছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শহরটি। খবর এএফপির।
সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) যোদ্ধারা আইএসের জঙ্গিদের কোবানি থেকে বের করে দিয়ে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কুর্দিরা আইএসের জঙ্গিদের কোবানির পূর্বাঞ্চলের দিকে ঠেলে দিয়েছে। তবে নতুন করে আর সংঘাতে কোনো খবর পাওয়া যায়নি।
আইন আল-আরব নামে পরিচিত কোবানি হাতছাড়া হয়ে যাওয়াকে আইএসের বিরুদ্ধে একটি বড় অর্জন বলে মনে করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর মাসে কোবানি দখল করতে এক হাজারের বেশি আইএস জঙ্গি নিহত হয়েছিল। এর পর থেকে তুরস্ক সীমান্তের কাছের এই শহরটি আইএসের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা বিমান হামলায় আইএসের জঙ্গিরা পিছু হটতে শুরু করে। বিমান হামলার সঙ্গে কুর্দি যোদ্ধাদের আক্রমণে আরও কোণঠাসা হয়ে পড়ে আইএস।
আইএস জঙ্গিরা গত বছরের জুন মাসে ইরাক ও সিরিয়ার বিভিন্ন এলাকা দখল করে ‘খিলাফত রাষ্ট্র’ গঠনের ঘোষণা দেয়। তবে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় সংগঠনটির অগ্রযাত্রা ঠেকানো গেছে এবং তাদের কাছ থেকে প্রায় ৭০০ বর্গকিলোমিটার জায়গা পুনরুদ্ধার করা হয়েছে বলে সম্প্রতি দাবি করে যুক্তরাষ্ট্র।