আইএসকে চেপে ধরবে জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক সময়ে যেসব ধাক্কা খেয়েছে, তার অনুপ্রেরণা নিয়ে এই জঙ্গিদের এখনই চেপে ধরতে হবে। ফ্রান্সের প্যারিসে গতকাল বুধবার বিরোধী (আইএস) জোটভুক্ত সাত দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে এ কথা বলেন ফ্যালন। খবর এএফপি ও বিবিসির।
প্যারিস বৈঠকের আয়োজক ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী যথাক্রমে জ্যঁ-ইভ লি দ্রিয়ঁ ও অ্যাশটন কার্টার। এতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা। মূলত আইএসকে রুখতে চলমান কৌশলগুলোর কার্যকারিতা খতিয়ে দেখতে এবং এই লড়াইয়ে সম্পদ ও জনবল আরও বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক।
বৈঠকে অংশ নিতে প্যারিসে পৌঁছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফ্যালন বলেন, ‘আইএস সাম্প্রতিক সময়ে ইরাকে বেশ মার খেয়েছে। আইএসবিরোধী জোটকে এই সুবিধা কাজে লাগাতে হবে। এখন সিরিয়ায় এই সাপের মাথার চারপাশে ফাঁস কীভাবে শক্ত করে বেঁধে ফেলা যায়, বৈঠকে তার উপায় নিয়ে আলোচনা করা হবে।’
ইরাকে আইএসবিরোধী বিমান হামলায় এবং এই জঙ্গিদের মোকাবিলায় দেশটির বাহিনীকে সক্ষম করে তুলতে প্রশিক্ষণদানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এসব দেশই নেতৃস্থানীয় ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রক্ষায় দেশটিতে রাশিয়া পৃথকভাবে অভিযান চালাচ্ছে। রাশিয়াকে গতকালের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। অবশ্য সিরিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই লাভরভের গতকালই বৈঠক করার কথা ছিল।
মস্কো আইএসের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে, তেমনি সিরিয়ার উদারপন্থী বিভিন্ন যোদ্ধাগোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করছে। এসব গোষ্ঠী প্রেসিডেন্ট বাশারের বিরোধী এবং তাদের প্রতি পাশ্চাত্যের সমর্থন রয়েছে। ফলে সিরিয়ায় রুশ তৎপরতা নিয়ে পাশ্চাত্যে ক্ষোভ রয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফ্যালন গতকাল সাংবাদিকদের বলেন, ‘সিরিয়ায় রুশ বিমান হামলায় আমি ক্রমেই বেশি করে বিরক্ত হচ্ছি। বিভিন্ন বেসামরিক এলাকায় অনিয়ন্ত্রিত যুদ্ধ উপকরণ ব্যবহারের ফলে কয়েক শ বেসামরিক লোক নিহত হয়েছে। এসব হামলায় যে বাশারের বিরুদ্ধে লড়াইরত গ্রুপগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা স্পষ্ট।’
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, প্যারিস বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীরা মূলত ২০১৪ সালে শুরু হওয়া আইএসবিরোধী বিমান হামলা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করবেন। এই বিমান হামলার সুযোগ নিয়ে ইরাকি বাহিনী সাম্প্রতিক সময়ে আইএসকে বেশ কাবু করতে পেরেছে। বিশেষ করে গত মাসে তারা আনবার প্রদেশের রামাদি থেকে জঙ্গিদের হটিয়ে দিতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে আইএস ২০১৪ সালে যেসব ভূখণ্ড নিয়ে স্বঘোষিত ‘খিলাফত রাষ্ট্র’ গঠন করেছিল, তার মধ্যে এক-চতুর্থাংশ খুইয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে আইএসের কথিত একটি নথি প্রকাশ করে, যাতে জঙ্গিগোষ্ঠীটি আর্থিক টানাটানিতে পড়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। ওই নথি মোতাবেক, বিমান হামলার মুখে নিজেদের তেলক্ষেত্রসহ আর্থিক অন্যান্য উৎস ক্ষতির মুখে পড়ায় আইএস তার সব পর্যায়ের যোদ্ধাদের বেতন অর্ধেক কমিয়ে দিতে বাধ্য হয়েছে।