আইএসবিরোধী লড়াইয়ে রণতরি পাঠাচ্ছে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া ও ইরাকে জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানে ফ্রান্স তাদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। দেশটির আশা, ‘শার্ল দো গল’ নামের এই রণতরিটি যুক্ত হলে ওই অভিযানে তুলনামূলক কম সময়ে সাফল্য পাওয়া যাবে। খবর বিবিসির।
ইরাকে আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর বিমান হামলায় ফ্রান্স গত বছরের সেপ্টেম্বরে যোগ দেয়। আর চলতি বছরের সেপ্টেম্বরে ফরাসি বিমান থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু হয়।
যুদ্ধবিমান বহনের উপযোগী জাহাজ ‘শার্ল দো গল’ গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আরব উপসাগরীয় অঞ্চলে ফরাসি জেট বিমানের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। এতে ৪০টি উড়োজাহাজ রাখা যায় এবং দিনে প্রায় ১০০টি ফ্লাইট ওঠানামা করতে পারে। রণতরিটিতে আরও আছে বেশ কয়েকটি ছোট রণতরি, নতুন করে জ্বালানি তেল সংগ্রহের জন্য একটি বিশেষ নৌযান ও একটি ডুবোজাহাজ।
আইএসের বিরুদ্ধে ফ্রান্স বর্তমানে ছয়টি মিরেজ যুদ্ধবিমান ব্যবহার করছে। এগুলো জর্ডান থেকে ওড়ানো হয়। আর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আরও ছয়টি রাফায়েল যুদ্ধবিমান ব্যবহার করছে ফরাসি বাহিনী। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে জোটবাহিনীর সঙ্গে ফ্রান্সের আরও কার্যকর সমন্বয় সম্ভব হবে।
ফরাসি কর্মকর্তারা এএফপিকে বলেন, আত্মরক্ষার জন্যই আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে ফ্রান্স। কারণ, দেশটির রাজধানী প্যারিসে চলতি বছরের শুরুতে জোড়া হামলা চালিয়ে ইসলামপন্থী বন্দুকধারীরা ১৭ ব্যক্তিকে হত্যা করেছে। তখন থেকেই ফরাসি যুদ্ধবিমান ইরাকের বিভিন্ন স্থানে ১ হাজার ২৮৫টি অভিযান চালিয়ে ২৭১ বার আঘাত হেনেছে।