আইএসবিরোধী অভিযানে যাচ্ছে জার্মানির ১২০০ সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে জার্মানির সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্ট অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটকে জার্মানির সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি চূড়ান্ত হলো। খবর বিবিসির।

পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, জার্মানি সরাসরি হামলা চালাবে না। কেবল লড়াইরত পশ্চিমা জোটকে নানা ধরনের সামরিক সহায়তা দেবে। আপাতত এই কার্যক্রমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর। প্রয়োজনে পরে তা বাড়ানো হবে।

জার্মান সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, জার্মানি আইএস ঘাঁটির ওপর নজরদারির জন্য বেশ কিছু টর্নেডো জেট বিমান, একটি যুদ্ধজাহাজ এবং পুরো কার্যক্রম পরিচালনার জন্য ১ হাজার ২০০ সেনা পাঠাবে।

জার্মানির সেনা কর্তৃপক্ষ বলেছে, ওই সেনারা মূলত পূর্ব ভূমধ্যসাগর, উপসাগরীয় এলাকা, লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান নেবে। সেখান থেকেই সিরিয়ার অভ্যন্তরে তৎপর আইএস ঘাঁটির সার্বিক খোঁজখবর নেওয়া হবে। টহলরত বিমানের পাশাপাশি জার্মান যুদ্ধজাহাজ থেকেও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান নেওয়া ফরাসি বিমানবাহী জাহাজ ‘শার্ল দো গল’কে তথ্য সহায়তা দেওয়া হবে।

থাইল্যান্ডে ‘আইএস জঙ্গিরা’: এদিকে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) থাইল্যান্ডের পুলিশকে একটি চিঠিতে সতর্ক করে বলেছে, আইএসের সঙ্গে যোগসাজশ আছে এমন ১০ জন সিরীয় থাইল্যান্ডে ঘাপটি মেরে আছে। তারা থাইল্যান্ডে অবস্থানরত রুশ নাগরিক কিংবা রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পারে। বৃহস্পতিবার থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর গতকাল দেশটির পুলিশ এফএসবির চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে।

এবার লক্ষ্য যুক্তরাজ্য: সিএনএন বলেছে, ইউরোপের একজন উচ্চপদস্থ সন্ত্রাসবিরোধী কর্মকর্তা তাদের বলেছেন, আইএসের হামলার লক্ষ্য এবার যুক্তরাজ্য। তবে কখন বা দেশটিতে ঠিক কোথায় হামলা হতে পারে তা নিশ্চিত নয়।