সিরিয়ায় আইএসবিরোধী হামলা চালাতে চান ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলা চালাতে চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ লক্ষ্য নিয়ে তিনি আজ বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমতি চেয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছেন।
সিরিয়ায় আ​ইএসবিরোধী হামলার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে ক্যামেরন বলেন, আইএস জঙ্গিদের ওপর হামলার বিষয়টি যুক্তরাজ্যের নিজস্ব স্বার্থের ব্যাপার। যুক্তরাজ্য তার মিত্রদেশগুলোর ওপর নিজের নিরাপত্তার ভার চাপিয়ে দিতে পারে না।
তবে ইরাকযুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কারণে যুক্তরাজ্যের নতুন কোনো হামলায় যুক্ত হওয়ার প্রশ্নে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ সালে সিরিয়ায় হামলা চালানোর অনুমোদন চেয়ে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছিলেন ক্যামেরন। সে সময় বেশির ভাগ এমপি বিপক্ষেÿঅবস্থান নেওয়ায় প্রস্তাবটি নাকচ হয়ে যায়। এবার সিরিয়ায় আইএসবিরোধী হামলা চালানোর অনুমোদন চাইলেন ক্যামেরন।
যুক্তরাজ্যের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি হামলা চালানোর আগে বেশ কয়েকটি বিষয় বিবেচনা নেওয়ার সুপারিশ করে বলেছে, একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া হলেই কেবল যুক্তরাজ্য সিরিয়ায় আইএসবিরোধী হামলায় যুক্ত হতে পারে। গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরোপজুড়ে আইএসবিরোধী মনোভাব জোরালো হয়েছে। ওই ঘটনার পর থেকেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন সিরিয়ায় আইএসের হামলা চালাতে এমপি এবং দেশের জনগণের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে আসছেন। 

ক্যামেরনের উত্থাপিত প্রস্তাবের ওপর কয়েক সপ্তাহের মধ্যে পার্লামেন্টে ভোটাভুটি হবে। কোনো কোনো এমপি প্রশ্ন তুলেছেন, হামলা চালানো হলে যুক্তরাজ্য আইএস জঙ্গিদের লক্ষ্যে পরিণত হতে পারে। সে ক্ষেত্রে যুক্তরাজ্যের নিরাপত্তা আরও বেশি হুমকির মুখে পড়তে পারে। জবাবে ডেভিড ক্যামেরন বলেছেন, যুক্তরাজ্য এমনিতেই আইএস জঙ্গিদের হুমকির ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি মোকাবিলায় আইএস জঙ্গিদের ধ্বংস করার কোনো বিকল্প নেই।
ব্রিটিশ পার্লামেন্টে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে দলটির এমপিদের মধ্যে কেউ কেউ সিরিয়ায় আইএসবিরোধী হামলা চালানোর বিপক্ষেÿরয়েছেন। কাজেই শুধু হামলার অনুমোদন লাভের জন্য নয়, যুদ্ধে জড়ানোর একক দায় এড়াতেও বিরোধী দলের সমর্থন ক্যামেরনের জন্য গুরুত্বপূর্ণ।
বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন আইএএসের বিরুদ্ধে জোরালো অবস্থান ব্যক্ত করলেও তাঁদের জন্য হামলা চালানোর বিষয়টি ইতিবাচক হবে কিনা তা নিয়ে সন্দিহান। দলটির কোনো কোনো নেতা বলছেন, ভোটাভুটির আগেই দলটির ছায়া মন্ত্রিসভা দলীয় অবস্থান নির্ধারণ করবে।
এক বছরেরও বেশি সময় ধরে সিরিয়া ও ইরাকে আইএসবিরোধী হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। ইরাকে আইএসবিরোধী হামলায় অংশ নিয়েছে যুক্তরাজ্যও। অন্যদিকে সিরিয়ায় ৩০ সেপ্টেম্বর থেকে আইএসবিরোধী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, আইএসের চেয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের লক্ষ্য করেই বেশি হামলা চালাচ্ছে মস্কো।