আইএসবিরোধী অভিযানে সেনা পাঠাচ্ছে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানে ফ্রান্সকে সহায়তা করতে সেখানে ১২০০ সেনা পাঠানোর পরিকল্পনা করেছে জার্মানি। গতকাল রোববার জার্মানির সেনাপ্রধান ফোকার ভিয়েকার দেশটির সংবাদপত্র বিল্ড আম সনটাগকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর এএফপির।
পরিকল্পনা অনুযায়ী জার্মানি এই সংখ্যক সেনা সিরিয়ায় পাঠালে এটাই হবে দেশটির দেশের বাইরে মোতায়েন করা সবচেয়ে বড় সেনাদল।
সেনাপ্রধান জানান, পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব সেনারা সিরিয়ার কাছে পৌঁছে যাবে। তিনি জানান, জঙ্গিদের অবস্থানের ওপর নজরদারি করা এবং তাদের ওপর হামলাকারী জোট বাহিনীকে তথ্য দিয়ে সাহায্য করাই হবে তাদের মূল কাজ। তাঁদের সেনারা শত্রুপক্ষের ওপর সরাসরি হামলায় অংশ নেবে না।
গত বৃহস্পতিবার বার্লিনের পক্ষ থেকে ফ্রান্সকে আইএসবিরোধী অভিযানে নজরদারি করার কাজে ব্যবহার্য কয়েকটি টর্নেডো যুদ্ধবিমান, একটি নৌবহর, উড্ডয়নরত অবস্থায় বিমানে জ্বালানি সরবরাহ-ব্যবস্থা এবং আইএস ঘাঁটির স্যাটেলাইট ছবি সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
জার্মান সেনাপ্রধান বলেন, নজরদারির কাজে নিয়োজিত বিমান ও জাহাজ পরিচালনার জন্য ওই ১২০০ সেনা মোতায়েন থাকবে।
জার্মানি কেন সরাসরি হামলায় অংশ নিচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ফোকার ভিয়েকার বলেন, জোট বাহিনীতে ইতিমধ্যেই যে সেনাশক্তি আছে তা লক্ষ্য অর্জনে যথেষ্ট।