আইএসবিরোধী লড়াইয়ে যোগ দিচ্ছে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি অংশ নেবে জার্মানি। আজ শুক্রবার জার্মান পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে অংশ নিতে ছয়টি অনুসন্ধানী টর্নেডো বিমান ও একটি ফ্রিগেট মোতায়েনসহ সরাসরি ভূমিকা পালনের জন্য একটি প্যাকেজ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। ভোটাভুটিতে প্যাকেজটি অনুমোদনের পক্ষে ভোট পড়ে ৪৪৫টি। বিপক্ষে পড়েছে ১৪৬টি। বার্তা সংস্থা এএফপি এ খবরটি দিয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ফরাসি সরকারের আহ্বানের পরিপ্রেক্ষিতে জার্মানি এই ভোটাভুটির সিদ্ধান্ত নেয়। তবে জার্মানির কোনো সেনা সরাসরি ওই যুদ্ধে অংশ নেবে না।

বার্লিন থেকে বিবিসির সাংবাদিক জেনি হিল জানান, জার্মান মন্ত্রীদের ধারণা, তাঁদের দেশটিও ইতিমধ্যে আইএসের টার্গেটে পরিণত হয়েছে। এ ছাড়া ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনায় জার্মানি দেশটির সঙ্গে সংহতি জানাতে চায়। আর এ কারণেই আইএসবিরোধী লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়।

এর আগে যুক্তরাজ্যের পার্লামেন্টের অনুমোদনের পর গত বৃহস্পতিবার সিরিয়ায় প্রথমবারের মতো হামলা চালায় ব্রিটিশ যুদ্ধবিমান। সিরিয়ায় এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আইএসবিরোধী হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়া পৃথকভাবে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএসবিরোধী হামলা শুরু করেছে।