আইএসবিরোধী হামলায় যোগ দিচ্ছে রাশিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান বহুজাতিক বিমান হামলায় যোগ দেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর গার্ডিয়ান ও বিবিসির।
জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে বক্তৃতার পাশাপাশি একটি পার্শ্ব বৈঠকে যোগ দেন ওবামা ও পুতিন। সোমবার দেড় ঘণ্টা স্থায়ী ওই বৈঠকের পর রুশ সাংবাদিকদের এসব জানান পুতিন।
পুতিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ‘খুবই গঠনমূলক, কার্যকর ও উন্মুক্ত’ বলে আখ্যায়িত করেন। গত এক বছরের মধ্যে এই প্রথম দুই নেতা বৈঠকে মুখোমুখি হলেন। বিশেষ করে ইউক্রেনের গৃহযুদ্ধে রাশিয়ার কথিত হস্তক্ষেপ নিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। সোমবার তাঁরা ইউক্রেন নিয়েও কথা বলেন।
পুতিন বলেন, তাঁরা সিরিয়ার চলমান যুদ্ধ নিয়ে অন্তত কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। তিনি বলেন, ‘আমরা কিছু বিষয়ে একমত হয়েছি, কিছুতে ভিন্নতা ছিল। তবে এসব ভিন্নতা সত্ত্বেও একত্রে কাজ করার সুযোগ আছে।’
সোমবার জাতিসংঘের অধিবেশনেই ওবামা এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছিলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা ছাড়তে হবে। পুতিন দুই নেতার এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি আমার সহকর্মী মার্কিন ও ফরাসি প্রেসিডেন্টকে শ্রদ্ধা করি। তবে আমি জানি যে তাঁরা কেউই সিরিয়ার নাগরিক নন। তাই আমার মনে হয়, সিরিয়ার নেতৃত্ব কে দেবে সেটি নির্ধারণ তাঁরা করতে পারেন না।’
সাধারণ পরিষদের অধিবেশনে পুতিন আক্রমণাত্মক থাকলেও ওবামার সঙ্গে বৈঠকের পর তাঁর সুর অনেকটা নরম হয়। তিনি স্বীকার করেন, রাজনৈতিক সংস্কার সিরিয়ার সমস্যার সমাধানের একটি পথ। তবে তাঁর কথা, সেই পরিবর্তনে বাশারকেও শামিল করতে হবে। আসাদ নিজেও রাজনৈতিক সংস্কারের পক্ষে।
রুশ প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের অনুমোদনের পর রাশিয়া সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করবে। তবে রাশিয়া সেখানে স্থলযুদ্ধে অংশ নেবে না।
ওবামা ও পুতিনের বৈঠককে ‘অত্যন্ত কার্যকর ও সুনির্দিষ্ট’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এর আগে সাধারণ পরিষদের অধিবেশনে ওবামা বলেন, রাশিয়া বা ইরান যেই হোক না কেন, সিরিয়ার সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত।