আইএসের কাছ থেকে তেল কেনে না তুরস্ক: এরদোয়ান

সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তুরস্ক তেল কেনে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশাপাশি আইএসের তেল চোরাচালানের বিষয়ে আঙ্কারা চোখ বন্ধ করে রয়েছে বলে রাশিয়া যে অভিযোগ তুলেছে, তাও অস্বীকার করেন তিনি। আল-জাজিরা অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
এরদোয়ান গত বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। তিনি বলেন, যারা দাবি করছে তুরস্ক আইএসের কাছ থেকে তেল কেনে, তাদের জন্য বিষয়টি লজ্জাজনক এবং তাদের অবশ্যই এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে তারা হবে নিন্দুক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেন, কোনো সন্দেহ নেই যে, সিরিয়া-তুরস্ক সীমান্তে ‘সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত’ খনি থেকে তেল কেনে তুরস্ক। তিনি বলেন, ‘আমরা দেখেছি, তেল সরবরাহের জন্য যানবাহনগুলো সেখানে যায়। দিন-রাতে যানবাহনগুলো ওই এলাকায় যাচ্ছে-আসছে।’
পুতিনের কথার পাল্টা সমালোচনা করে এরদোয়ান বলেন, আইএস সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছেই তেল বিক্রি করে। যে বাশারকে রাশিয়া সমর্থন দিচ্ছে।
এরদোয়ান আরও বলেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে তেল চোরাচালানের বিষয়ে তুর্কি অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। তিনি বলেন, তুরস্ক তার প্রয়োজনীয় বেশির ভাগ তেল ও প্রাকৃতিক গ্যাস ইরান, রাশিয়া, আজারবাইজান ও ইরাকের কাছ থেকেই কেনে।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে রাশিয়ার চলমান অভিযানে অংশ নেওয়া একটি রুশ যুদ্ধবিমান গত মঙ্গলবার গুলি করে ভূপাতিত করে তুরস্ক। তুর্কি বাহিনীর অভিযোগ, বারবার সতর্ক করার পরও তুর্কি আকাশ সীমা লঙ্ঘন করায় বিমানটি ভূপাতিত করা হয়।
বিমান ভূপাতিত করার পর থেকে তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে।