ফ্রান্সের উপকূলীয় শহর নিসে গত বৃহস্পতিবার রাতে ট্রাকচাপায় ৮৪ জনকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গতকাল শনিবার এক বিবৃতিতে আইএস বলেছে, তাদের একজন ‘যোদ্ধা’ নিসে হামলা চালিয়েছেন। এদিকে জরুরি অবস্থার মধ্যে এ রকম হামলার ঘটনায় ফ্রান্সের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইরাক ও সিরিয়াভিত্তিক সংগঠন আইএস নিসে হামলা ঘটনার এক দিন পর নিজেদের বার্তা সংস্থা আমাকের মাধ্যমে প্রচারিত বিবৃতিতে এর দায় স্বীকার করল। তারা বলেছে, আইএসবিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি এটা একটা জবাব।
তিউনিসিয়ার নাগরিক মোহাম্মদ লাউইজ-বুলেল (৩১) বৃহস্পতিবার রাতে নিসে বাস্তিল দিবসের আতশবাজির অনুষ্ঠান শেষে ঘরমুখী লোকজনের ওপর ১৯ টনি একটি ভারী ট্রাক চালিয়ে দেন। গতকাল পর্যন্ত আইএসের সঙ্গে তাঁর যোগসাজশের কোনো প্রমাণ পাননি ওই ঘটনার তদন্তকারীরা। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ গতকাল শনিবার বলেন, লাউইজ-বুলেল যদি ইসলামি জঙ্গি হয়েও থাকেন, সম্ভবত অতি সম্প্রতি তিনি কট্টরপন্থার দিকে ঝুঁকেছিলেন। তাঁর আশপাশের লোকজনের কাছ থেকে এমনই ইঙ্গিত মিলেছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল দেশের প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রধান এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। দেশটিতে দেড় বছরে তিনটি বড় ধরনের জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তাব্যবস্থায় ফাঁক-ফোকর স্পষ্ট হয়েছে বলে পর্যবেক্ষকদের মত। এ নিয়ে ব্যাপক
সমালোচনার মুখে পড়েছে ওলাঁদ সরকার। ফ্রান্সের প্রভাবশালী দৈনিক পত্রিকা লো ফিগারো লিখেছে, এসব ঘটনা ঠেকাতে জনগণ সরকারের কাছ থেকে কার্যকর ব্যবস্থা চায়, গতবাঁধা আনুষ্ঠানিক ঘোষণা নয়।
এদিকে হামলাকারী লাউইজ-বুলেলের সঙ্গে যোগাযোগ ছিল এমন পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। তাঁদের মধ্যে বুলেলের স্ত্রীও আছেন। তবে ওই দম্পতি আগে থেকেই বিচ্ছিন্ন আছেন।
নিসে হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ফরাসিরা। প্রেসিডেন্ট ওলাঁদ জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন, ‘আমরা এমন এক সময়ে আছি, আর এমন পরিস্থিতি দেখেছি, যখন একধরনের বিভক্তির আশঙ্কা রয়েছে। এসব আশঙ্কা আর ঝুঁকির মুখোমুখি দাঁড়িয়ে আমাদের অবশ্যই দেশের ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’
নিসের সাগরতীর ঘেঁষা সড়ক ধরে লাউইজ-বুলেল প্রচণ্ড গতিতে দীর্ঘ দুই কিলোমিটার ট্রাক চালিয়ে অনেক লোককে পিষ্ট করেন। অনেকে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ১০ শিশুসহ ৮৪ জন প্রাণ হারান। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২০২ জন। এর মধ্যে ৫২ জনের অবস্থা গুরুতর। যান্ত্রিক সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে ২৫ জনকে।
হামলায় নিসের বাসিন্দাদের পাশাপাশি বিদেশি নাগরিকেরাও হতাহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে গতকাল পর্যন্ত ফ্রান্সের চারজন, আলজেরিয়া, জার্মানি ও তিউনিসিয়ার তিনজন করে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দুজন করে এবং ইউক্রেন, আর্মেনিয়া ও রাশিয়ার একজন করে নাগরিকের পরিচয় মিলেছে।
সংগীত উৎসব বাতিল: সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিসে আয়োজিত জ্যাজ সংগীত উৎসব বাতিল করা হয়েছে। এটি গতকালই শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত পাঁচ দিন ধরে চলার কথা ছিল।