আইএসের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠাবে না অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দুর্বল। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার।
আজ মঙ্গলবার বিবিসির খবরে জানানো হয়, ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী টার্নবুল এক বক্তৃতায় এ কথা বলেন। তবে, আইএস প্যারিস হামলা করেছে বলে দায় স্বীকার করেছে।
কিন্তু এর আগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট প্যারিস হামলার পর আইএসকে ‘মৃত্যুর পূজারী’ হিসেবে অভিহিত করেন। মধ্যপ্রাচ্যে আইএসের বিরুদ্ধে লড়তে অস্ট্রেলিয়াকে সেনা পাঠাতে বলেছিলেন তিনি।
ইরাক ও সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে বোমা হামলা করছে যুক্তরাষ্ট্র পরিচালিত জোট। অস্ট্রেলিয়া ওই জোটের অংশ।
দেশটির হাউস অব রিপ্রেজেনটেটিভে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, আইএস মিথ্যা প্রচারণার ওপর নির্ভরশীল এবং ‘আমরা অবশ্যই প্রতারণায় বোকা বনে যাব না।’
মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করে টার্নবুল বলেন, ইরাক ও সিরিয়ায় অবশ্যই আইএসকে হারতে হবে। তিনি বলেন, ‘তাদের মতাদর্শ আদিম কিন্তু তারা অত্যাধুনিক ইন্টারনেট ব্যবহার করে। আইএসের যতটা বন্দুক আছে, তার চেয়ে বেশি রয়েছে স্মার্টফোন। আর যত না যোদ্ধা রয়েছে, তার থেকে বেশি রয়েছে টুইটার অ্যাকাউন্ট।’
তিনি আরও বলেন, সংগঠনটির বড় ধরনের কোনো বৈধতা নেই, এমনকি যেসব এলাকা তাদের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে, সেখানেও বৈধতা নেই। প্রতিপক্ষ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তারা সামরিক চাপে রয়েছে।
বর্তমানে ইরাকে অস্ট্রেলিয়ার প্রায় ৯০ জন বিশেষ সেনাসদস্য রয়েছেন। তাঁরা দেশটির সন্ত্রাসবিরোধী সেনাদের পরামর্শক হিসেবে কাজ করছেন। এ ছাড়া ইরাকের জাতীয় সেনাদের প্রশিক্ষণের জন্য আরও ৩০০ অস্ট্রেলিয়ান সেনা নিয়োজিত রয়েছেন।