বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামিক স্টেটসহ (আইএস) জঙ্গি সংগঠনগুলোর অব্যাহত তৎপরতার প্রেক্ষাপটে এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বশক্তিগুলোকে এক করতে প্রয়াসী হয়েছে ফ্রান্স। বৃহৎ পঞ্চশক্তির অন্যতম দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ লক্ষ্যে একটি প্রস্তাব তোলার জন্য সচেষ্ট হয়েছে।
এই প্রস্তাবটি নিয়ে বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা ছিল। জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া দেলাতের বলেছেন, প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘আলোচনার টেবিলে ভালো মনোভাব ও সাড়া পাওয়া যাচ্ছে।’ খবর এএফপি ও গার্ডিয়ানের।
ইউরোপের প্রাণকেন্দ্র ন্যাটোর সদস্য ফ্রান্সের রাজধানীতে ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ না কাটতেই নতুন জঙ্গি হামলার হুমকিতে সচকিত হয়েছে বিশ্ব। আইএস হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, বাণিজ্যের কেন্দ্র নিউইয়র্ক সিটিতে হামলার হুমকি দিয়েছে। মালয়েশিয়ায় আজ থেকে শুরু হতে যাওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রাক্কালে জঙ্গিদের সন্ত্রাসী হামলার প্রস্তুতির খবরে সেনা নামানো হয়। এরই মধ্যে গতকাল শুক্রবার ঘটে যায় মালিতে বন্দুকধারীদের জিম্মি করার ঘটনা। একের পর এক এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্রান্সের উদ্যোগটি বিশেষ রকম তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
জাতিসংঘে তোলার জন্য প্রস্তাবের একটি খসড়া সদস্যদেশগুলোর প্রতিনিধিদের কাছে বিলি করেছেন ফরাসি কূটনীতিকেরা। এতে আইএসকে ধ্বংস করতে তাদের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ এবং ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ জন্য আইএসবিরোধী প্রচেষ্টা দ্বিগুণ করা ও সব পদক্ষেপের মধ্যে সমন্বয়ের কথা বলা হয়েছে।
দিনে দিনে ভয়াবহ হয়ে ওঠা জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে এখন পর্যন্ত সমন্বিত কোনো পদক্ষেপ নিতে পারেনি বিশ্বশক্তিগুলো। বারবার সেখানে বাধা হয়ে ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য রাশিয়া ও চীন। কিন্তু গত সপ্তাহে ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নড়ে বসেছে বিশ্ব। রাশিয়া ও চীনও এবার দৃশ্যত পশ্চিমা অন্য শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে নামতে যাচ্ছে।
আশাবাদী হওয়ার কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভিতালে চুরকিন। তিনি বলেছেন, ফ্রান্সের তৈরি খসড়া নিয়ে তাঁদের খুব বেশি আপত্তির কিছু নেই।
তবে নিরাপত্তা পরিষদে একই বিষয়ে ভিন্ন একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে রাশিয়া। এতে আইএসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে হলে জাতিসংঘের অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সিরিয়ায় এ ধরনের প্রক্রিয়ার সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাখার কথা বলা হয়েছে। তবে এ নিয়ে আপত্তি আছে পশ্চিমা অন্য দেশগুলোর।
এরপরও এ বিষয়ে আশাবাদ শুনিয়েছেন জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি চুরকিন। তিনি বলেন, ফ্রান্সের খসড়াটি নিয়ে বনিবনা হয়ে গেলে নিজেদের প্রস্তাবটি তাঁরা পরে কোনো এক সময় তুলবেন।
>* মালিতে হোটেলে জঙ্গি হামলা, নিহত ২৭
* সন্ত্রাসী হুমকির মুখে আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রাক্কালে কুয়ালালামপুরে সেনা মোতায়েন
* হোয়াইট হাউস ও নিউইয়র্ক সিটিতে আইএসের হামলার হুমকি
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে বর্তমানে সভাপতির আসনে আছে যুক্তরাজ্য। তারা জানিয়েছে, ফ্রান্স তাদের প্রস্তাবটি উত্থাপনের প্রস্তুতি সেরে ফেলতে পারলেই এ বিষয়ে ভোটাভুটির আয়োজন করা হবে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ছয়টি স্থানে ১৩ নভেম্বরের ধারাবাহিক হামলায় নিহত হন ১২৯ জন। এ হামলার দায় স্বীকার করেছে আইএস। এর ঠিক এক সপ্তাহ পর গতকাল শুক্রবার আফ্রিকার মালিতে ঘটল আরেক ঘটনা। মালির রাজধানীতে একটি পাঁচ তারকা হোটেলে ঢুকে পড়ে অস্ত্রের মুখে শতাধিক মানুষকে জিম্মি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত হয়েছে অন্তত ২৭ জন। প্যারিসের ঘটনার সঙ্গে মালির জিম্মি নাটক মিলে যাচ্ছে একটি জায়গায়, সেটি হলো ফ্রান্সের স্বার্থ। মালি একসময় ফরাসি উপনিবেশ ছিল। দেশটিতে এখনো ফ্রান্সের সেনারা জঙ্গি দমন অভিযানে সহায়তা করছে। গতকালের হামলার লক্ষ্যও সম্ভবত ফরাসিরা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আন্তর্জাতিকভাবে মহা হুমকি হয়ে ওঠা আইএসের উত্থান অস্থিতিশীল সিরিয়া ও ইরাকে। এই জঙ্গিদের বিরুদ্ধে এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ফ্রান্স যখন জাতিসংঘে ব্যবস্থা নিতে গেছে, তখন বাধা হয়ে ছিল রাশিয়া ও চীন। ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক স্বার্থের কারণে সিরিয়া-ইরাক নিয়ে চীন-রাশিয়ার হিসাব ভিন্ন। তারাও এখন আইএসকে নির্মূল করার কথা বলছে, কিন্তু তা করতে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যাতে গদি না ছাড়তে হয়, সেটি নিশ্চিত করতে চায়। এ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ তাদের মিত্রদের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হয়েছে তাদের।
তবে এবার মতৈক্যের ব্যাপারে আশাবাদী ফ্রান্স। প্রথমত, প্যারিসের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে রাশিয়া ও চীনের নাগরিকও রয়েছে। দ্বিতীয়ত, প্যারিস হামলার পর ফ্রান্স আরও জোরেশোরে যখন সিরিয়ায় আইএসের অবস্থানে বিমান হামলা শুরু করে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁদের দেশের নৌবাহিনীকে নির্দেশ দেন এ ক্ষেত্রে ফরাসি বাহিনীকে সহযোগিতা করতে। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও প্যারিস হামলার পর আইএসবিরোধী লড়াই জোরদার করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
আইএসবিরোধী লড়াইয়ে চীনের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে গতকাল সিএনএনের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, অনাক্রমণমূলক অবস্থানই পাঁচ দশক ধরে চীনের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ। তবে এবার প্যারিসের হামলায় চীনা নাগরিক নিহত হওয়ায় এবং আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিকভাবে যেভাবে চাপ তৈরি হচ্ছে, তাতে চীনের একেবারে সাড়া না দিয়ে থাকা অসম্ভব হবে। তারা হয়তো সরাসরি সামরিক পদক্ষেপে অংশ নেবে না, কিন্তু এ বিষয়ে বিশ্বশক্তিগুলোর পাশে থাকবে।
আইএসবিরোধী লড়াই নিয়ে জাতিসংঘে এসব তৎপরতার মধ্যে নিজেদের করণীয় নিয়ে গতকাল আলোচনায় বসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রীরা। ব্রাসেলসে এই বৈঠকে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে সদস্যরাষ্ট্রের সীমান্তগুলোতে অভিযান পরিচালনা ও সীমান্ত নজরদারি বাড়ানো নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ইইউর ভেতর ও বাইরের সীমান্তে সংস্থার জোরালো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বৈঠকে জোটের নেতাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আরও আগেই জোরালো পদক্ষেপ নেওয়া দরকার ছিল জানিয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজেনাভ বলেন, ‘এখন ইউরোপের জেগে ওঠা, নিজেকে সংগঠিত করা ও সন্ত্রাসী হুমকি থেকে নিজেকে রক্ষা করা জরুরি।’
সীমান্ত নজরদারি, অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণ এবং ইউরোপের সীমান্ত দিয়ে ঢোকার সময় তল্লাশি আরও বাড়ানোর জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। বার্নার্ড কেজেনাভ বলেন, ‘আমাদের অবশ্যই জোরালো পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপের গতি বাড়াতে হবে। নইলে ইউরোপ তার পথ হারাবে।’
আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল সেখানে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বনেতাদের এই শীর্ষ সম্মেলনের আলোচনাতেও প্রাধ্যান্য পাবে আইএসবিরোধী বৈশ্বিক লড়াইয়ের বিষয়টি।
প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী যাকে বলা হচ্ছে সেই আবদেলহামিদ আবাউদ (২৮) সিরিয়ায় ছিলেন বলেন প্রাথমিকভাবে ধারণা করা হয়। সেখান থেকে তিনি পশ্চিমা দেশে হামলার পরিকল্পনা করেন। গত বুধবার প্যারিসের উত্তরে অবস্থিত সাঁ দোনি শহরতলির এক ফ্ল্যাটে পুলিশি অভিযানে নিহত হন তিনি। এসব ঘটনায় ইউরোপের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী কীভাবে মহাদেশজুড়ে অবাধে ঘুরতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, ইউরোপের অভিবাসন সংকটের সুযোগ নিয়েছে কিছু হত্যাকারী।