আইএসের হয়ে লড়েছেন ইস্তাম্বুলের হামলাকারী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যাযজ্ঞের ঘটনায় প্রধান সন্দেহভাজন l ছবি: এএফপি
হত্যাযজ্ঞের ঘটনায় প্রধান সন্দেহভাজন l ছবি: এএফপি

তুরস্কের ইস্তাম্বুলের নাইটক্লাবে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যাকারী ব্যক্তি সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করেছিলেন। সেই যুদ্ধ থেকে শেখা কৌশলই তিনি নববর্ষের আগের রাতের ওই হামলায় প্রয়োগ করেছেন বলে গতকাল মঙ্গলবার তুরস্কের এক পত্রিকার কলামে উল্লেখ করা হয়েছে। হামলাকারীকে ধরতে ইস্তাম্বুলে অভিযান চালাচ্ছে তুর্কি পুলিশ। গতকাল পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে তারা।
ইরাক ও সিরিয়াভিত্তিক ইসলামিক স্টেট ইতিমধ্যেই অভিজাত রেইনা ক্লাবে হামলার দায় স্বীকার করেছে। পাশাপাশি সোমবার তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুমুস বলেন, হামলাকারীর আঙুলের ছাপ পাওয়া গেছে। তাঁকে ‘দ্রুত’ শনাক্ত করা হবে বলে আশাবাদী তিনি।
তুরস্কের ইংরেজি ভাষার দৈনিক হুরিয়েত-এ এক কলামে লেখক বলছেন, হামলাকারী ব্যক্তির অস্ত্র ব্যবহারের পারদর্শিতায় বোঝা যায় তিনি এ বিষয়ে ভালো প্রশিক্ষণপ্রাপ্ত।
গত শনিবার মধ্যরাতের কিছু পর ইস্তাম্বুলের রেইনা নাইট ক্লাবে নববর্ষের আনন্দ উদ্যাপনের মধ্যে ওই বন্দুকধারী কালাশনিকভ রাইফেল দিয়ে ১২০টির মতো গুলি ছোড়েন। কয়েক মিনিটের মধ্যে হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
হুরিয়েত-এর কলামিস্ট আবদুল কাদির সেলভি লিখেছেন, হামলাকারী সিরিয়ার আবাসিক এলাকার রাস্তায় যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেসব কৌশলই তিনি ইস্তাম্বুলের হামলায় প্রয়োগ করেছেন। আড়াল ও দূর থেকে চোরাগোপ্তা গুলি করার বদলে বেপরোয়াভাবে গুলি করেন তিনি।
আবদুল কাদির সেলভির বিভিন্ন মহলের সঙ্গে ভালো যোগাযোগ আছে। তিনি দাবি করেন, হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং তিনি মধ্য এশিয়ার মানুষ ধরে নিয়ে এগোচ্ছেন তদন্তকারীরা।
তুর্কি ভাষার দৈনিক হাবার তুর্ক-এর এক খবরে বলা হয়, ‘যাতে নজরে না পড়েন, সে জন্য’ হামলাকারী ব্যক্তি এক নারী ও দুই শিশুকে নিয়ে দক্ষিণের শহর কোনিয়া থেকে ইস্তাম্বুলে এসেছিলেন।
বিবিসি জানিয়েছে, একাধিক প্রতিবেদনে বলা হয়, হামলাকারী স্ত্রী, দুই সন্তানসহ গত নভেম্বরে তুরস্কে আসেন, যাতে কেউ তাঁকে শনাক্ত করতে না পারে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে তাঁর পরিবারের সদস্যও রয়েছেন।
তুর্কি পুলিশ সন্দেহভাজন হামলাকারীর একাধিক ছবি প্রকাশ করেছে। এতে তাঁর নাম উল্লেখ করা হয়নি। তবে গত জুনে আতাতুর্ক বিমানবন্দরে ঘটা হামলার জড়িত বলে আইএসের যেই দলটিকে দায়ী করা হয়, তাতে এই হামলাকারী ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে তুর্কি পুলিশ সন্দেহভাজন হামলাকারীর যেসব ছবি প্রকাশ করেছে, তার সঙ্গে মিলে যায় এমন এক ব্যক্তির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেখানে বলা হচ্ছে, ওই ব্যক্তি কিরগিজস্তানের নাগরিক। তিনিই সেই হামলাকারী। তবে কিরগিজ কর্তৃপক্ষ জানিয়েছে, ছবির ওই ব্যক্তিকে ইতিমধ্যে তারা জিজ্ঞাসাবাদ করেছে। তিনি ইস্তাম্বুলের হামলার ঘটনায় কোনোভাবেই জড়িত নন।