আইএসের ১০টি অবস্থানে রাশিয়ার বিমান হামলা
সিরিয়ায় জিহাদি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ১০টি অবস্থান লক্ষ্য করে রুশ বিমানবাহিনী হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টা ধরে এসব হামলা চালানো হয়। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, আইএসের ওপর হামলা করার পর তাদের নিয়ন্ত্রণব্যবস্থা ও রসদ সরবরাহের পথ বন্ধ হয়ে গেছে।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তাঁর দেশ এবং রাশিয়া, ইরান ও ইরাক ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এ যুদ্ধে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। তবে ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যের জন্য পরিণতি হবে বিপর্যয়কর। ইরানের একটি টেলিভিশন চ্যানেলে আসাদের ওই বক্তব্য গতকাল রোববার প্রচার করা হয়।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল তাঁর দেশের একটি বেতারমাধ্যমকে গতকাল বলেন, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রয়োজন ছিল, যদিও এতে সংকটের অবসান হবে না। সেখানে রাজনৈতিক প্রক্রিয়ায় সমাধান প্রয়োজন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিবিসিকে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট আসাদকেই সাহায্য করছেন। কিন্তু এটা পুতিনের ‘সাংঘাতিক ভুল’ হয়েছে।