উচ্চতা বাড়ল আইফেল টাওয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফেল টাওয়ারের শীর্ষে বসাতে হেলিকপ্টারে করে উড়িয়ে নেওয়া হচ্ছে অ্যান্টেনা। প্যারিস, ফ্রান্স, ১৫ মার্চ
ছবি: রয়টার্স

বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের উচ্চতা ১০ মিনিটে ছয় মিটার বেড়ে গেছে! উচ্চতা বৃদ্ধির কারণ, টাওয়ারের চূড়ায় নতুন ডিজিটাল রেডিও অ্যানটেনা স্থাপন।

রয়টার্স বলছে, ৬ মিটার বা ১৯ দশমিক ৬৯ ফুট উচ্চতার এই অডিও অ্যানটেনা স্থাপনের পর আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা দাঁড়াল ৩৩০ মিটার বা ১ হাজার ৮২ দশমিক ৬৯ ফুট। গতকাল মঙ্গলবার হেলিকপ্টারে করে অ্যানটেনাটি বসানো হয়। টেলিভিশনে বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয়।

আইফেল টাওয়ারের শীর্ষে বসাতে হেলিকপ্টারে করে উড়িয়ে নেওয়া হচ্ছে অ্যান্টেনা। প্যারিস, ফ্রান্স, ১৫ মার্চ
ছবি: রয়টার্স

১৮৮৯ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে আকাশচুম্বী এই লোহার কাঠামো নির্মাণ করা হয়। বিখ্যাত পুরকৌশলী গুস্তাভ আইফেল এটি নির্মাণ করেন। এটি নির্মাণের পর তৎকালীন বিশ্বের সবচেয়ে উঁচু ওয়াশিংটন মনুমেন্ট তার খেতাব হারায়। ওয়াশিংটন মনুমেন্টের উচ্চতা ৫৫৫ ফুট বা ১৬৯ দশমিক ১৬ মিটার।

নির্মাণের পর থেকে ৪০ বছর পর্যন্ত আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু মানব নির্মিত কাঠামো হিসেবে নিজের খেতাব ধরে রাখে। তবে ১৯২৯ সালে নিউইয়র্কে নির্মিত ‘ক্রিসলার বিল্ডিং’–এর কাছে খেতাব হারায় আইফেল টাওয়ার। অ্যানটেনাসহ ক্রিসলার বিল্ডিংয়ের উচ্চতা ৩১৯ মিটার বা ১ হাজার ৪৬ ফুট।

আইফেল টাওয়ারের শীর্ষে বসানো হচ্ছে অ্যান্টেনা। প্যারিস, ফ্রান্স, ১৫ মার্চ
ছবি: প্রথম আলো

আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এটি ১০০ বছরের বেশি সময় ধরে সম্প্রচারকাজে ব্যবহৃত হয়ে আসছে। এর চূড়ার উচ্চতা বহুবার পরিবর্তিত হয়েছে। কারণ, পুরোনো অ্যানটেনাগুলো প্রতিস্থাপন করতে হয়েছে।

সরাসরি টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, একটি হেলিকপ্টার নতুন অ্যানটেনাটি রশিতে ঝুলিয়ে উড়ে আসছে। এরপর এটি টাওয়ারের চূড়া বরাবর আকাশে স্থির হয়। আর টাওয়ারের চূড়ায় থাকা কর্মীরা অ্যানটেনাটি যুক্ত করে দিচ্ছেন। টাওয়ারের সঙ্গে অ্যানটেনা সংযুক্ত করতে লেগেছে ১০ মিনিটের কম সময়।